এল এ টাইমসের প্রতিবেদন
দেশে ফিরলেই গলায় হয়তো ফাঁসির দড়ি লাগবে! বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনীদের একজন বলে অভিযুক্ত একেএম মহিউদ্দিন আহমেদ প্রাণপনে চাইছেন তা না ঘটুক। যুক্তরাষ্ট্র সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নিয়ে ফেলার পরও, একদম শেষ মুহূর্তে এসে তা রদ হয়েছে।
গত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্্েরর লস এঞ্জেলসে থাকছেন এই প্রাক্তন সামরিক কর্মকর্তা। ৬০ বছর বয়সী মহিউদ্দিন সেখানে এক টেলিফোন কোম্পানিতে অনুবাদকের কাজ করেন।
১৯৯৬ সালে এক বিচারে অনুপস্থিতিতেই ফাঁসির আদেশ দেওয়া হয় মহিউদ্দিনকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার।
তখন সেনাবাহিনীতে একজন মেজর পদমর্যাদায় কর্মরত মহিউদ্দিন অবশ্য অস্বীকার করেছেন এই অভিযোগ। জানিয়েছেন শেখ মুজিবের বাড়ির থেকে মাইল খানেক দূরে একটি রাস্তায় প্রতিবন্ধক বসানোর দায়িত্বে ছিলেন। তিনি নাকি ভেবেছিলেন রাষ্ট্রপতিকে (শেখ মুজিব) শান্তিপূর্ণভাবে গ্রেপ্তার করা হবে। এক সাক্ষাতকারে বলেছেন, “আমি এবং অন্যরা বিশ্বাস করেছিলাম যে আমাদের যে আদেশ দেওয়া হয়েছে তা আইনত বৈধ। আমি কিংবা আমার নেতৃত্বে থাকা সেনা সদস্যদের কেউই কখনোই কোনো ধরণের রক্তারক্তিতে জড়িত ছিলাম না।”
স্ত্রী, ১০ বছর বয়সী ছেলে রাসেলসহ পরিবারের ৭ জন সদস্য সেরাতে মারা যান মুজিবের সঙ্গে। যুক্তরাষ্ট্্েরর ৯ম সার্কিট কোর্ট অফ আপিলও মানছে মহিউদ্দিন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাই রাজনৈতিক আশ্রয় চেয়ে মহিউদ্দিনের আবেদন কয়েকদফায় নাকচ করে দিয়েছে আদালত। গত মাসে ফেডারেল কোর্টের তিন বিচারকের এক প্যানেলের রায়ে বলা হয়, “তার কর্মকাণ্ডেই পরিষ্কার যে সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর বিভেদে সংশি¬ষ্ট ব্যক্তিদের খুনের সঙ্গে জড়িত কিংবা কোনোভাবে সহায়তা করেছে।” এরপর যুক্তরাষ্ট্্েরর অভিবাসন দপ্তর তাকে গ্রেপ্তার করে এবং দেশে পাঠানোর সব আনুষ্ঠানিকতা শেষ করে।
মহিউদ্দিনের পরিবার চাইছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইবেন এবং মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে লড়বেন। তার আইনজীবি জোসেফ স্যান্ডোভাল জানিয়েছেন বাংলাদেশের আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না মহিউদ্দিন, কারণ বিচারের সময় তিনি দেশে ছিলেন না। বলেছেন, “নিশ্চিতভাবেই তারা চাইছে পে¬ন থেকে নামিয়ে তাকে ফাঁসিতে ঝোলাতে। আমরা মনে করি এটা মৌলিক অধিকারের লঙ্ঘন।” স্যান্ডোভালের দাবি তার মক্কেল “চরম নৃশংস” কেউ না, অথচ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার তার তেমন ছবিই এঁকেছে।
গত সোমবার বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ছিল মহিউদ্দিনকে। কিন্তু রিপাবলিকান সিনেটর ডানা রোহরাবাখের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মাইকেল শেরটফের কার্যালয়ে যোগাযোগ করে অনুরোধ করেছেন একটু সময় চেয়ে। রোহরাবাখের মুখপাত্র টারা সেটমেয়ার বলেছেন, “এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং আমাদের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তুলেছে। সে কারণেই ডানা চেষ্টা করছে কিছু সময় পেতে, যাতে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া যায়।”
মঙ্গলবার অভিবাসন অধিদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন তাকে দেশে পাঠানোর নির্দেশ এখনও বহাল রয়েছে। সান পাদ্রোর টার্মিনাল আইল্যান্ড ডিটেনশন সেন্টারে আটক মহিউদ্দিনকে ঠিক কবে দেশে পাঠানো হবে, সে ব্যাপারে অবশ্য মুখ খুলেননি তিনি।
১৯৭৫ সালে ডান ও পাকিস্তানপন্থী কিছু সামরিক অফিসারের ওই অভ্যুথানে বামঘেষা শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা মারা যান। এরপরই শুরু হয় একের পর এক সামরিক শাসনের পালা। আর হত্যাকান্ডে জড়িতরা কোনো অপরাধ করেননি বলে সনদ পায় সরকারগুলোর। ১৯৯৬ সাল পর্যন্ত মহিউদ্দিন একজন কুটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরাক, সৌদি আরবসহ বিভিন্ন দেশে। এরপর শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় এলে পাল্টে যায় দৃশ্যপট।
২০০০ সালের ডিসেম্বরে দ্য টাইমসে দেওয়া এক সাক্ষাতকারে মহিউদ্দিনসহ তার বাবার হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার আকুতি জানান হাসিনা, “আমাদের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক অধ্যায়গুলোর একটি হলো আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও পরিবারের বাকিদের হত্যাকাণ্ড। অভিযুক্ত তিনজন খুনী এখন যুক্তরাষ্ট্রে থাকে। আমি সেখানকার প্রেসিডেন্টকে অনুরোধ জানাই বন্দী বিনিময় চুক্তির চূড়ান্ত রূপায়নের জন্য।”
বিচার যখন শুরু হয়েছে, মহিউদ্দিন তখন যুক্তরাষ্ট্রে। নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধানের দোহাই দিয়ে সে দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বদলে যায়। ভিনদেশের রাষ্ট্রপতি হত্যায় জড়িত মহিউদ্দিন আইনি নিরাপত্তা থেকে বঞ্চিত হন। তার স্বজনরা উদ্বিগ্ন হলেও হাল ছাড়েনি। পারিবারিক বন্ধু স্টিভ পাস্কি যেমন বলেছেন, “এই মুহূর্তে তার পরিবার হতাশ না হয়ে চেষ্টা চালাচ্ছে। এখনও কিছু শেষ হয়ে যায়নি।”
