নাজমুল হুদা চারদিনের রিমান্ডে
সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৈদেশিক মুদ্রা আইন, শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় নাজমুল হুদাকে সাত দিন রিমান্ডে নেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর আমীর হোসেন।
মহানগর হাকিম আব্দুর রউফ খান আবেদন শুনানি শেষে চারদিন মঞ্জুর করেন। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের সময় সতর্কতা অবলম্বন ও সাবেক যোগাযোগমন্ত্রীর মর্যাদার বিষয়টি বিবেচনায় রাখতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
আদালতে শুনানির সময় নাজমুল হুদা কেঁদে ফেলেন। এসময় তার মেয়ে শিক্ষানবীশ ব্যারিস্টার ও সঙ্গীত শিল্পী অন্তরাও কাঁদতে শুরু করেন।
গত পাঁচ ফেব্র“য়ারি নাজমুল হুদার ধানমন্ডির বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে আমেরিকান ও সিঙ্গাপুর ডলার, পাউন্ড এবং ইউরোসহ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। ওইদিনই তাকে গ্রেপ্তার করা হয়। ১৪ ফেব্র“য়ারি সাব ইনসপেকটর আমীর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
নাজমুল হুদাকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হুদার আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য দরখাস্ত করেন।
আদালতে তারা বলেন, নাজমুল হুদা একজন খ্যাতনামা আইনজীবী। তিনি সফল যোগাযোগমন্ত্রী ছিলেন। কথিত মুদ্রাগুলি পুলিশ বা যৌথবাহিনী উদ্ধার করেনি। তিনি নিজেই তাদের হাতে তুলে দিয়েছেন। বিদেশি মুদ্রাগুলি পাসপোর্টে এনডোর্স করা। তাকে রিমান্ডে দেওয়ার কোনও যৌক্তিকতা ও আইনগত প্রয়োজনীয়তা নেই।
আইনজীবীদের বক্তব্যের একপর্যায়ে হুদা নিজেই আদালতের অনুমতি সাপেক্ষে রিমান্ড বাতিল শুনানিতে অংশ নিয়ে বলেন, “আমি ১৯৯৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট তুলে ধরি। একারণে আমাকে তৎকালীন তথ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল। আর ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আমার মত লোককে রিমান্ড ফেস করতে হচ্ছে। এটি অত্যন্ত দু:খজনক।”
তিনি বলেন, “একটি মহলের রাজনৈতিক প্রতিহিংসার ফলে আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমাকে বলা হয়েছে শীর্ষ দুর্নীতিবাজ। কীভাবে দুর্নীতি করেছি তা আমার জানা নেই। পত্রিকায় দেখলাম দুদক চেয়ারম্যান সম্পদের হিসাব বিবরণীতে তার তিন হাজার পাঁচশ আমেরিকান ডলার রয়েছে বলে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের পরিপন্থি। তারপরও তার বিরুদ্ধে মামলা হয়নি।”
মামলা সূত্রে জানা যায়, যৌথবাহিনী ৫ ফেব্র“য়ারি নাজমুল হুদার ধানমণ্ডির বাসা থেকে ১৩৫০টি পাউণ্ড, ৩০০ ইউরো, কাতারের ১৮ টি মুদ্রা, ১৭৯৬ টি সিঙ্গাপুর ডলার এবং ১৮ লাখ ৬৮ হাজার ৪৭০ টাকা মূল্যমানের মুদ্রা উদ্ধার করেন। ওই অভিযোগে ধানমন্ডি থানায় মামলা রুজু করেন।
হুদার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন খোরশেদ আলম, সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার প্রমূখ আইনজীবী।
