চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান ও এক পৌর কমিশনার গ্রেপ্তার
জেলার সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মজিবুর রহমানকে পুলিশ বুধবার গ্রেপ্তার করেছে। একই দিন পটিয়া পৌরসভার ওয়ার্ড কমিশনার বদরুল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
পুলিশ জানায়, উপজেলা পরিষদে উন্নয়ন কমিটির সভা শেষে বের হয়ে আসার পর ইউপি চেয়ারম্যান মজিবুরকে দুপুর আড়াইটার দিকে সাতকানিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ জানান, উপজেলা বিএনপির আহাবায়ক কমিটির সদস্য সচিব এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা এবং পার্শ্ববতী ইউনিয়ন পশ্চিম ঢেমসার চেয়ারম্যান হেলাল উদ্দিন হত্যা প্রচেষ্টার আরেকটি মামলা রয়েছে।
এদিকে, যৌথবাহিনী অপর এক অভিযানে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ও বিএনপি নেতা বদরুল হায়দার চৌধুরীকে বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তারের পর বিকালে থানায় হস্তান্তর করেছে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এই ওয়ার্ড কমিশনারের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।
