সাত যুগ্ম সচিবকে বদলি, পদায়ন
প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের সাতজন কর্মকর্তার পদে বুধবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে চারজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)কে পদায়ন, একজনকে ওএসডি ও দুইজনকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বুধবার এসব বদলি করা হয়।
ওএসডি যুগ্ম সচিবদের মধ্যে আশরাফ হোসেনকে সাভারের বিপিএটিসির পরিচালনা পর্ষদ সদস্য, আসলাম ইকবালকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম-সচিব, আব্দুল ওহাব মিয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অমলেন্দু মুখার্জিকে অর্থ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অর্থ বিভাগের যুগ্ম-সচিব মোল্লা মনসুর আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দ মুস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য আব্দুস সোবহান শিকদারকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে সৈয়দ মুস্তাফিজুর রহমানকে দূর্নীতি দমন কমিশনের (দূদক) মহাপরিচালক হিসেবে বদলির আদেশ জারি করা হলেও তা বাতিল করা হয়েছে।
এছাড়া আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম আকবর আকতারের প্রেষণাদেশ বাতিল করে তাকে আগের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে।
