হত্যা মামলায় পুলিশের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
হবিগঞ্জের মাধবপুর থানার নেহারা বেগম হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আবদুস সালামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করে।
মামলার বিবরণে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবদুস সালামের সঙ্গে নেহারা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সালাম নেহারাকে ঝিয়ের কাজ করতে নিষেধ করে। কিন্তু ১৯৯৬ সালের ২৯ মে নেহারা নিষেধ অমান্য করে ফাঁড়িতে কাজ করতে এলে সালাম তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই নেহারা মারা যায়।
এ ঘটনার পর নেহারার মা পেশকার খাতুনের মামলা দায়ের করেন। ২০০৩ সালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম সরকার আবদুস সালামকে মৃত্যুদণ্ড দেন। মামলাটি চলাকালে আসামী আবদুস সালাম জামিন পেয়ে আর আদালতে হাজির হননি।
হাইকোর্টে মামলাটির শুনানিতে আবদুস সালামের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট আবদুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম ওয়ালিউর রহমান খান।
