বিচারপতি ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রথম বৈঠক
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে প্রথম বৈঠক করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর আগে মঙ্গলবার এ বিষয়ে তদন্ত করে ফল জানাতে কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
বিচারপতি ফয়জীকে নিয়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত প্রথম বৈঠকে প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সঙ্গে ছিলেন বিচারপতি মোঃ ফজলুল করিম। সংবিধান অনুযায়ী কাউন্সিলের অপর সদস্য বিচারপতি এম এম রুহুল আমিন বৈঠকে উপস্থিত ছিলেন না বলে সুপ্রিম কোর্টের একটি সূত্র নফহবংি২৪.পড়স কে জানিয়েছে।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচারপতি ফয়জীর বিষয়টি তদন্ত করতে রাষ্ট্রপতির চিঠি মঙ্গলবার প্রধান বিচারপতিকে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানালেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ। (আরও তথ্যসহ)
যোগাযোগ করা হলে বুধবার বিকেলে বিচারপতি ফয়জীর পারিবারিক সূত্র সাংবাদিকদের জানিয়েছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তার কাছে কোনো চিঠি বা নোটিশ আসেনি। কাউন্সিল থেকে কোনো নোটিশ আসলে বিচারপতি ফয়জী তার জবাব দেবেন বলে সূত্রটি জানায়।
সনদ জালিয়াতির অভিযোগ তদন্তে রাষ্ট্রপতির নির্দেশের চিঠি মঙ্গলবার বিকালে আইন মন্ত্রনালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে এসে পৌঁছে। এখন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারক বিষয়টি তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবেন। রাষ্ট্রপতি সেই প্রতিবেদনের ভিত্তিতে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের বিষয়ে রাষ্ট্রপতির চিঠিটি পৌঁছানোর পরপরই আপিল বিভাগের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতি একটি বৈঠক করেন।
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর সনদ জালিয়াতির অভিযোগ উঠে ২০০৪ সালের অক্টোবরে। তখন বিষয়টি নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি উঠলেও তৎকালীন প্রধান বিচারপতি উদ্যোগ না নেওয়ায় বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।
বিচারপতি ফয়জী প্রসঙ্গে প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন গত ১০ মার্চ রাষ্ট্রপতি বরাবরে এক চিঠিতে সুপ্রিম কোর্টের সম্মান রক্ষার্থে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এর পর রাষ্ট্রপতি বিচারপতি ফয়জীর বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের নির্দেশ দেন বলে সূত্র জানায়।
গত ৩ মার্চ জালিয়াতির দায়ে বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিল করে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিণ্ডিকেট। ৪ মার্চ বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ছুটিতে বলে যান। ২৫ মার্চ তার ছুটি শেষ হয়।
এদিকে সনদ বাতিলের বিষয়টি প্রকাশ হওয়ার পর বিচারপতি ফয়জী ৪ মার্চ থেকে তিন দফায় নেওয়া ছুটি গত রোববার শেষ হয়ে গেলেও তিনি নতুন করে কোন ছুটির আবেদন জানাননি। গত ১৯ মার্চ বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিলের সিদ্ধাšত স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। এরপর গত বুধবার তিনি প্রধান বিচারপতিকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানালেও তাকে কোন বেঞ্চ বরাদ্দ দেওয়া হয়নি।
