জামিন রদ করার বিধান সংশোধন করা হবে:মইনুল হোসেন
জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ এর সর্বশেষ সংশোধনীতে জামিনের বিধান রহিত করার বিষয়টি প্রচলিত ফৌজদারী দন্ডবিধির সঙ্গে ‘সাংঘর্ষিক’ হয়েছে মন্তব্য করে অবিলম্বে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সরকার দ্রুতই এসব ভুল সংশোধন করবে। এতে নারীদের জামিনের বিষয়টিকে প্রাধান্য দেয়া হবে। বয়স বিবেচনায় পুরুষদের জন্যও জামিনের বিধান করে তা আদালতের এখতিয়ারে দেয়া হবে। আদালত চাইলে প্রবীণ ব্যক্তিদের জন্য জামিন অনুমোদন করতে পারবে।”
আইন উপদেষ্টা আরও বলেন, “যাদের কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি প্রবেশ করেছে, তাদের শাস্তি অবশ্যই হবে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আমরা এমন একটি রাজনৈতিক নেতৃত্ব চাই, যারা দেশের আইন-কানুন মেনে চলবে এবং যাদের কারণে দেশের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়বে না। রাজনৈতিক নেতৃত্ব যেনো অতীতের মতো না হয়, সরকার এ জন্য কাজ করে যাচ্ছে।”
নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আর কতদিন লাগবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করতে ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে বাঁচাতে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সার্বিকভাবে এসব নিয়ন্ত্রণ করেই সরকারকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। দ্রুত নির্বাচনী আইন সংস্কার করা হচ্ছে। এক্ষেত্রে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সময় তো লাগবেই। তবে কতদিন লাগবে তা বলা যাচ্ছে না।”
রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসনের বিষয়ে তিনি বলেন, “আমরা বিটিভি ও বেতারকে জনগণের কাছাকাছি পৌঁছে দিতে চাই। এগুলোকে জনকল্যাণে কাজে লাগানো হবে। এগুলোকে শুধু সরকারের প্রচারণার কাজের জন্য রাখার কোন ইচ্ছা বর্তমান সরকারের নেই।”
