চট্টগ্রামে আগুনে দেড় শ ঘর ও ১১টি দোকান পুড়ে ছাই
নগরীর চান্দগাঁও থানার জান আলীর হাট এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তিনটি কলোনির প্রায় ১৫০ ঘর এবং একটি বেকারিসহ ১১টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর আটটি গাড়ি সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনী সূত্র জানায়, জান আলীর হাট কলোনির একটি ঘর থেকে রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।
সূত্র জানায়, আগুন দ্রুত আশেপাশের আরও দুটি কলোনিতে ছড়িয়ে পড়ে এবং এসব কলোনির প্রায় দেড়শ ঘর পুরোপুরি পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে দমকল বাহিনী।
দমকল বাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। তবে এলাকাবাসীর মতে, তিনটি কলোনির সবার ঘর ও যাবতীয় সবকিছু পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
