২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত

পাবনার সাথিঁয়ায় রোববার বিকেলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) জেলা কমান্ডার নিজাম উদ্দিন এবং সামরিক শাখার উপ--প্রধান উকিল উদ্দিন প্রামাণিক নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 09:22 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

র‌্যাব এ সময় তিন রাউন্ড গুলিসহ একটি নাইন এম এম পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে।

র‌্যাব--১২ কমান্ডার মেজর আমজাদ হোসেন মিঠু জানান, শনিবার সকালে র‌্যাব সিঙ্গা এলাকা থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার সামরিক শাখা প্রধান ফারুক আহমেদ পবনকে (৩৫) গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুসারে আতাইকুলা থানার শিমুলচরার আজহার আলী মাস্টারের বাড়ির কাঠাল বাগানের মাটি খুঁড়ে আটটি চাইনিজ এসএমজি, ২৫ টি ম্যাগজিন এবং এক হাজার ৪৯৮ রাউন্ড এসএমজির গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে পবন আরো জানায়, রোববার বিকালে সাথিঁয়া উপজেলার আলোকদিয়ায় দলের একটি বৈঠক আছে। এ খবরের ভিত্তিতে র‌্যাব রোববার বিকেল ৪টার দিকে র‌্যাব--১২ এর কমান্ডার মেজর আমজাদ হোসেন মিঠু এবং এএসপি তানভীর আরাফাতের নেতৃত্বে র‌্যাব সদস্যরা আলোকদিয়ায় অভিযান চালায়।

সেখানে পৌঁছলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পাটির জেলা কমান্ডার নিজাম উদ্দিন (২৯) এবং  সংগঠনের সামরিক শাখার উপ--প্রধান উকিল প্রামাণিক (৩৮) নিহত হয়।

নিজামের বিরুদ্ধে সাতটি হত্যাসহ ১৩টি এবং উকিলের বিরুদ্ধে নয়টি হত্যাসহ ২০টি মামলা রয়েছে।

নিজাম উদ্দিন আতাইকুলা থানার শ্রীপুর গ্রামের আজহার শেখ এবং উকিল উদ্দিন সাথিঁয়া উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত চেরু প্রামাণিকের ছেলে।

র‌্যাব কমান্ডার মেজর আমজাদ হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “বিএনপি, আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়ে থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা পাবনায় তাদের তৎপরতা চালাতো। দেশে জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলের নেতারা গাঁ ঢাকা দেওয়ায় চরমপন্থীদের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। পরে পাবনা সদর উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান তাদের আশ্রয় দেন। সেখান থেকেই গ্রেপ্তার হওয়া পবন বিচ্ছিন্ন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিল।