বিস্ফোরকসহ ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেনেড তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জামায়তুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে।
উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ২৭ প্যাকেট পাওয়ার জেল (প্রতি প্যাকেটে পাঁচশ’ গ্রাম), ৭৫ টি লোহার তৈরী হ্যান্ড গ্রেনেডের কাঠামো, গ্রেনেড হেড ৮০ টি, জিহাদী বই ১১৭ টি এবং চারটি জেহাদী সিডি।
র্যাব সদর দপ্তরে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লে. কর্ণেল গুলজারউদ্দিন আহম্মেদ জানান, ২১ মার্চ রাতে জামালপুরের সরিষাবাড়ি থানার ভাটাড়া বাজারে কর্তব্যরত দুই পুলিশ সদস্যের উপর জেএমবির সদস্য মোঃ হাবিবুর রহমান ইউসুফ এবং মোঃ কামরুল হাসান দেশে তৈরি একটি গ্রেনেড ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ এলাকাবাসীর সহায়তায় তিনটি গ্রেনেডসহ তাদের আটক করে।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা ওই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে জামালপুরের মেলান্দহ থানার বিভিন্ন স্থানে জেএমবি জঙ্গিদের বেশ কিছু আস্তানা সম্পর্কে নিশ্চিত হয়। পরে শুক্রবার গভীর রাতে সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্ণেল আসিফ আনছারীর নেতৃত্বে মেলান্দহ থানার চারাইলদার গ্রামে বিভিন্ন জায়গায় জেএমবি জঙ্গিদের আস্তানায় অভিযান চালানো হয়। র্যাব সদস্যরা সেখান থেকে উদ্ধারকৃত বিস্ফোরকসহ জেএমবির সক্রিয় সদস্য মোঃ সোহেল এবং মোঃ সুলতানকে আটক করে।
গ্রেপ্তারকৃত হাবীবুর রহমান ইউসুফ সাংবাদিকদের জানান, ২০০৩ সালে তিনি জেএমবিতে যোগ দেন। বর্তমানে তাদের আমীর জনৈক আবু জাফর আব্দুল্লাহ। তবে বর্তমান আমীরের অবস্থান সম্পর্কে সে কিছু জানাতে পারেনি।
এ ব্যাপারে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লে. কর্ণেল গুলজারউদ্দিন আহম্মেদ বলেন, জেএমবি জঙ্গিদের নেটওয়ার্ক আমরা ভেঙে দিয়েছি। বর্তমানে বিচ্ছিন্নভাবে তারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্তমান আমীর আবু জাফরসহ ছড়িয়ে থাকার জঙ্গিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
