রাজশাহীতে দুই জেএমবি সদস্য আটক
রাজশাহীর বাগমারায় শুক্রবার গভীর রাতে দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রাত দেড়টায় বাগমারার ইসমাইলপুর থেকে হাবিবুর রহমান ও রাত আড়াইটায় কোণাবাড়িয়া গ্রাম থেকে আকরাম হোসেনকে আটক করেছে বাগমারা থানা পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারোয়ার জানান, আটক দুইজন জেএমবির সক্রিয় সদস্য। বাংলা ভাইয়ের সঙ্গী হিসেবে দুজনেই সক্রিয় অংশগ্রহণ করেছে।
সারোয়ার জানান, একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও নির্যাতন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক দুইজনকে বিকেল নাগাদ আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।
