সাভারে র্যাব হেফাজতে একজনের মৃত্যু
র্যাব--১১ সাভার ক্যাম্পের হেফাজতে বৃহস্পতিবার রাতে ইয়ার হোসেন (৩২) নামে একজন মারা গেছেন।
নিহত ইয়ার হোসেনকে র্যাব সন্ত্রাসী বলে দাবি করলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ জানাতে পারেনি। সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা হেলেনা পারভীনও ইয়ার হোসেনের বিরুদ্ধে কোনো মামলা থাকার কথা বলতে পারেননি।
র্যাব--১১ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাভার ক্যাম্পে ইয়ার হোসেনকে (৩২) জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপ--সহকারি পরিচালক খন্দকার মো. মোহসীন মুমুর্ষু অবস্থায় সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়ার হোসেন ধামরাই উপজেলার টেটাইল গ্রামের মৃত আব্দুল গনি মাস্টারের ছেলে।
তাকে কোথা থেকে বা কী কারণে আটক করা হয়েছিল র্যাব কর্মকর্তারা তা জানাতে রাজি হননি।
এ ব্যাপারে র্যাব--১১ সাভার ক্যাম্পের এএসপি সোলায়মান কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “ছুটির দিন হওয়ায় শুক্রবার সারাদিন আমি কার্যালয়ে যাইনি। এ কারণে ইয়ার হোসোনের ব্যাপারে আমার পক্ষে কিছু জানানো সম্ভব না।”
তিনি সাভার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ফেরদৌস আল মাসুদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
পরে ক্যাপ্টেন ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন।
সাভার থানার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউদ্দিন সরকার জানান, হৃদরোগে ইয়ার হোসেন মারা গেছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. তানভীর হোসেন পরশ বাদী হয়ে সাভার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার এসআই মনিরুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, শুক্রবার সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদারের উপস্থিতিতে সূরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ইয়ার হোসেনের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদনে আঘাতজনিত কারনে ইয়ার হোসেনের মৃত্যুর প্রমাণ পাওয়া গেলে র্যাবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।
