২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডাকাত ধরতে গিয়ে ওসিসহ ১০ পুলিশ আহত

সিলেটের ওসমানীনগর থানার রুকনপুর গ্রাম থেকে পুলিশ বৃহস্পতিবার সর্দারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় ডাকাতদের ইটপাটকেল নিক্ষেপে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসআইসহ ১০ জন পুলিশ আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ডাকাতদের আস্তানা থেকে অস্ত্র ও ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন রুকনপুর গ্রামের রুস্তম আলী (৩৫), সাধুগাঁও গ্রামের কয়সর (৪৫), মনির হোসেন (৩০) ও ছাতক উপজেলার শিমূলতলা গ্রামের জহিরুল ইসলাম (২০)। গ্রেপ্তার হওয়া ডাকাত ও অস্ত্র বিশ্বনাথ থানা পুলিশের জিম্মায় রাখা রয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাইয়ের নেতৃত্বে ১৫ জন পুলিশ পার্শ্ববর্তী থানা ওসমানী নগরের একটি বাড়িতে ডাকাত সর্দার রুস্তম আলীকে (৩৫) গ্রেপ্তার করতে যায়। পুলিশ বাড়িটি ঘিরে ফেললে ডাকাতরা বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ করে ইট--পাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শহিদুল্লাহর নেতৃত্বে ওসমানী নগর থানা থেকে আরেক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টায় তাদের গ্রেপ্তার করে।

ওই বাড়ি থেকে একটি শ্যুটারগান, একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, চাপাতিসহ পাঁচটি দেশি অস্ত্র ও কিছু ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই বলেন, ‘বিশ্বনাথে ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ রুকনপুর গ্রামে অভিযান চালায়। ডাকাতরা এসময় রাতের খাবার খাচ্ছিল বলে জোরালো হামলা চালাতে পারেনি। নইলে ডাকাতের হামলায় পুলিশের প্রাণনাশের আশঙ্কা ছিল।’

ওসি আরও জানান, ইট--পাটকেলে তিনি নিজেসহ ১০ পুলিশ জখম হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্বনাথ থানার এসআই মনিরুজ্জামান জানান, ডাকাত সর্দারের বাড়ি থেকে অস্ত্রশস্ত্র ছাড়াও লুট করা চারটি টেপ রেকর্ডার, দুটি ইস্ত্রি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওসমানী নগর থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। বিশ্বনাথে ডাকাতির ঘটনায় বকুল সেন ও হরি মালাকার বাদী হয়ে একটি মামলা করেছেন।