চুয়াডাঙ্গায় ২ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার
বিডিআর জওয়ানরা বুধবার দুপুরে চুয়াডাঙ্গা রেল স্টেশন এবং মোমিনপুর স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা ও রূপসা ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার করেছে।
বিডিআর সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর লুৎফুল মতিনের নেতৃত্বে বিডিআর জওয়ানরা চোরাচালান বিরোধী এ অভিযান চালায়।
বেলা ১২টায় মোমিনপুর রেলস্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী ট্রেন মহানন্দা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে একটি কামরা থেকে মালিকবিহীন অবস্থায় এক কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এরপর বেলা দুইটার সময় একই রুটের ট্রেন রূপসা এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছালে বিডিআর সদস্যরা একটি কামরায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করেন বিডিআর সদস্যরা।
৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান জানান, উদ্ধারকৃত হেরোইনের মূল্য দুই কোটি এক লাখ টাকা। তিনি আরও বলেন, সাম্প্রতিককালে উদ্ধার হওয়া হেরোইনের সবচেয়ে বড় চালান এটি।
