কুড়িগ্রামে পোলিও রোগী!
ভারতের আসাম রাজ্য ঘেষা সীমান্ত উপজেলা রাজিবপুরের শিবেরডাঙ্গী গয়টা পাড়া গ্রামের সাবিনা (৬) পোলিও আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করছেন চিকিৎসকরা।
সাবিনা এখন রাজিবপুর উপজেলা হাসপাতালে ১৫ নং বেডে চিকিৎসাধীন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. কামরুজ্জামান ও ইপিআই সুপারভাইজার সাজাহান আলী বুধবার শিশুটিকে দেখে তার পোলিও হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন। পরীক্ষা--নিরীক্ষার এটি নিশ্চিত হওয়া যাবে বলেও তারা জানান।
গয়টা পাড়া গ্রামের গরু ব্যবসায়ী সামাদ আলীর মেয়ে সাবিনা খাতুন। তিনি জানান, দুমাস আগে একদিন বাড়ির আঙিনায় হাটতে হাটতে সাবিনা পড়ে যায়। এরপর থেকে সে আর একা হাঁটতে পারে না। এমনকি নিজ হাতে ভাতও খেতে পারে না।
প্রথম দিকে গ্রাম্য কবিরাজ দিয়ে চিকিৎসা চলে সাবিনার। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গত ৩ মার্চ স্বাস্থ্যকর্মীরা সাবিনার খোঁজ পান।
শিশুটির মা মাজেদা খাতুন জানান, ৫ মাস বয়সে শুধু একবার তাকে টিকা খাওয়ানো হয়েছিল।
রাজিবপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, তার পোলিও রোগের আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে নিশ্চিত হতে পরীক্ষার জন্য মল সংগ্রহ করা হয়েছে।
সিভিল সার্জন ফেরদৌস আলম জানান, এক থেকে ১৫ বছরের শিশুদের এক ধরনের প্যারালাইসিস হতে পারে। গত বছর কুড়িগ্রামে এ ধরনের ২০টি শিশু পাওয়া গিয়েছিল। পরে মল পরীক্ষায় তাদের পোলিও রোগ সনাক্ত হয়নি। এই শিশুটিকে প্রাথমিকভাবে পোলিও রোগী বলে আশংকা করা হলেও পরীক্ষার পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
