দুর্নীতির তথ্য সংগ্রহে সারাদেশের কমিটিগুলো পর্যবেক্ষণে উপদেষ্টা পরিষদের কমিটি
দুর্নীতিবাজ ও অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও মামলা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে সহায়তা করতে সারাদেশে ৪০টি টাস্ক ফোর্স কমিটি গঠন করা হবে।
এসব কমিটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি অপরাধ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করতে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে।
যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, ”এ ধরনের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে এখনও কোনো কমিটি গঠিত হয়নি।”
নবগঠিত দুদক এখনো ততোটা শক্তিশালী নয় মন্তব্য করে উপদেষ্টা মতিন বলেন, দুদকের জনবল কাঠামো চুড়ান্ত করা হয়নি। লোকবলেরও অভাব রয়েছে। এ অবস্থায় দুদক এতগুলো মামলার তদন্তসহ ব্যবস্থা নিতে পারবে না বলে দুদককে সহায়তা করতেই ওই কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
