২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে প্রকাশিত ৫০ জনের তালিকা নিয়েই মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ৫০ জনের তালিকা নিয়েই দ্বিতীয় পর্যায়ে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 11:54 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রোবরার বিকেল ৫ টায় কমিশনের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

তিনি আরো বলেন, শুধু দুর্নীতিবাজদের ধরলেই দেশ থেকে দুর্নীতি দূর করা যাবে না। এর জন্য জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।   

সারাদেশে গঠিত দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন,“জাতীয় পর্যায়ে যে টাস্কফোর্স হয়েছে সেটার সঙ্গে দুদক কীভাবে কাজ করবে তা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের সবার লক্ষ্যই এক, সম্মিলিতভাবে আমরা সে লক্ষ্যে পৌঁছুতে চাই। এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।”

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানে আইনগত, প্রশাসনিক জটিলতার পাশাপাশি দক্ষ আইনজীবী নিয়োগের ক্ষেত্রে যেসব আর্থিক সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়েও কথা হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান।  

এর আগে রোববার সকালে হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দেশের দুই শীর্ষ নেত্রী খালেদা জিয়া বা শেখ হাসিনাকেও ছাড় দেওয়া হবে না।

পাকিস্তানে ব্যাক্তিগত সফর শেষে ১১ দিন পর কমিশনে ফিরেই তিনি বলেন, “দুর্নীতিবাজদের ধরতে যতদূর যাওয়া সম্ভব আমরা ততদূরই যাবো।”

দুদক চেয়ারম্যান বলেন, ১৪ কোটি মানুষের দেশে দুর্নীতিবাজ রয়েছে তিন লাখ। পর্যায়ক্রমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকার ও কমিশনের সর্বাত্মক অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা শুধু রুই--কাতলাই ধরবো না চুনোপুঁটিও ধরবো। কারণ চুনোপুঁটিরও অনেক দাম।”

কমিশন প্রণীত দুর্নীতিবাজদের প্রথম ৫০ জনের তালিকার মধ্যে ৩৫ জন তাদের সম্পত্তির হিসাব দাখিল করেছেন। এদের মধ্যে মামলা হয়েছে মাত্র তিনজনের বিরুদ্ধে। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আইনগত জটিলতার কারণে মামলা করতে একটু দেরি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

হাসান মশহুদ চৌধুরী আরও জানান, “৫০ জনের তালিকার যে ১৫ জন সম্পত্তির হিসাব জমা দেননি তাদের মালামাল জব্দ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এখানেও আইনগত জটিলতা রয়েছে।”  

কমিশনের ৫৪ বস্তা কাগজ বিক্রি সম্পর্কে চেয়ারম্যান বলেন, “যে কাগজগুলো বিক্রি করেছে সে ভুল করে করেছে। অবশ্যই এ কাজটি ঠিক হয়নি। পরে কমিটি করে কাগজগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

হাসান মশহুদ জানান, আগামী কয়েকদিনের মধ্যে তিনি দেশের ৬৪ টি জেলা সফর করবেন। তিনি বলেন, এজন্য সেনাবাহিনীর কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছে।

২৫ ফেব্র“য়ারি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার দুইদিন পর হাসান মশহুদ চৌধুরী নির্ধারিত ব্যক্তিগত সফরে পাকিস্তান যান। ৮ মার্চ তিনি দেশের ফিরে আসেন।

গত ৭ মার্চ (বুধবার) রাতে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছিলো। সেই তালিকায় দেশের শীর্ষ কয়েকটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, সাবেক আমলা, ব্যবসায়ী ও সিবিএ নেতার নাম রয়েছে।

ওই তালিকা অনুযায়ী বুধবার রাত থেকেই অভিযান শুরু করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখকে গ্রেপ্তার করে।

তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন,  (১) সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপি সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, (২) চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দন চৌধুরী, (৩) সাবেক প্রধানমন্ত্রীর পুত্র ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, (৪) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, (৫) জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাককের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, (৬) সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হক, (৭) বিএনপির সাবেক সাংসদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এম এ এইচ সেলিম, (৮) আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন, (৯) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, (১০) রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, (১১) আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল হোসেন, (১২) সাবেক পাটমন্ত্রী শাজাহান সিরাজ, (১৩) যুবদলের সভাপতি ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, (১৪) আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেম্মদ মজুমদার, (১৫) ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল, (১৬) সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, (১৭) শেখ হাসিনার সাবেক এপিএস রবিউল মোক্তাদির, (১৮) সাবেক যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদার স্ত্রী ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদা, (১৯) আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোঃ আবদুল্লাহ, (২০) খুলনার সাবেক মেয়র কাজী আমিনুল হক, (২১) মির্জা আব্বাসের ছোট ভাই ওয়ার্ড কমিশনার মির্জা খোকন, (২২) সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, (২৩) সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, (২৪) ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, (২৫) সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নে অ্যাব নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন, (২৬) বিএনপি’র সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, (২৭) এলডিপি নেতা ও সাবেক সাংসদ রেদওয়ান আহমেদ, (২৮) কুল্লিা-৪ এর জামায়াতের সাবেক সাংসদ ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের, (২৯) সাবেক সাংসদ মো: রফিকুল আনোয়ার ওরফে সোনা রফিক, (৩০) আওয়ামী লীগের সাবেক সাংসদ মহিবুর রহমান মানিক, (৩১) কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ও পৌর চেয়ারম্যান মনিরুল হক (সাক্কু), (৩২) ডেমরার সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লা, (৩৩) যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, (৩৪) হবিগঞ্জের পৌর চেয়ারম্যান জি কে গউছ, (৩৫) সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, (৩৬) টেকনাফ পৌরসভা চেয়ারম্যান আ: রহমান বদি, (৩৭) সাবেক প্রধানমন্ত্রীর ছোটভাই ও বিমানের সাবেক ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার, (৩৮) ওরিয়ন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করিম, (৩৯) পার্টেক্স গ্র“পের চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবুল হাশেম, (৪০) ড্যাব ও বিএমএর মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, (৪১) সাবেক সচিব মো: ইসমাইল জবিউল্লাহ, (৪২) হামিম গ্র“প ও দৈনিক সমকাল পত্রিকার স্বত্বাধিকারী এ কে আজাদ, (৪৩) দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ, (৪৪) উত্তরা গ্র“পের মালিক গিরিধারী লাল মোদী, (৪৫) সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলাম, (৪৬) এনবিআর’র সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেন, (৪৭) পুলিশের সাবেক এডিশনাল আইজি শহীদুল্লাহ খান, (৪৮) গণপূর্ত বিভাগের প্রদান প্রকৌশলী (চুক্তি ভিত্তিক) এ এফ এম মঞ্জুরুল ইসলাম, (৪৯) পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান এবং (৫০) ডেসার শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোশাররফ হোসেন।