খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, পানিতে ডুবে শিশুর মৃত্যু
খুলনা মহানগরীর নিউ মার্কেটের সামনে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সমাজ সেবা অধিদপ্তরের অফিস সহকারী গোলাম মোস্তফা (৪৫) নিহত হয়েছেন। এছাড়া দিঘলিয়া উপজেলার মাধবপুর গ্রামে পানিতে ডুবে মারা গেছে আবিদা (৬) নামে এক শিশু।
সোনাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহানা বেগম জানান, গোলাম মোস্তফা সকাল ৭টায় নিউমার্কেটের সামনে বিআরটিসির বাসে আত্মীয়কে উঠিয়ে দিয়ে তার সঙ্গে কথা বলার সময় চালক হঠাৎ বাসটি ছেড়ে দেয়।
গোলাম মোস্তফা সরে যাওয়ার আগেই বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
অন্যদিকে দিঘলিয়া থানার দায়িত্বরত দারোগা বিদ্যুৎ বড়–য়া জানান, মাধবপুর গ্রামে আলিমুল্লার মেয়ে আবিদা গত সোমবার বাড়ির অদূরে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পড়ে যায়। মঙ্গলবার সকালে তার লাশ পানিতে ভেসে ওঠে।
