২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে আদিবাসী নেতার মৃত্যুতে উত্তেজনা

যৌথবাহিনীর হেফাজতে মধুপুর গড়ের আদিবাসী জনপ্রিয় নেতা চলেস রিছিল সাংমার মৃত্যুতে তার স্ত্রী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে জনপ্রিয় এ নেতার মৃত্যুতে মঙ্গলবার পুরো এলাকাই ছিল উত্তপ্ত। সম্ভাব্য গোলযোগ এড়াতে যৌথ বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে মোতায়েন করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

নিহতের স্ত্রী সন্ধ্যা রানী মঙ্গলবার সকালে মধুপুর থানায় স্থানীয় সহকারী বন সংরক্ষক জহুরুল হক, ডেপুটি রেঞ্জ অফিসার কামরুল মুজাহিদসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

এদিকে ময়না তদন্ত শেষে চলেস রিছিলের মৃতদেহ জলছত্র পৌঁছালে স্থানীয় শত শত আদিবাসীসহ অন্যান্য লোকজন বুকে কালো ব্যাজ ধারণ করে তাঁর বাড়িতে ভিড় করে। মঙ্গলবার দুপুর ২টায় তাকে সমাহিত করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এই হত্যাকান্ডের প্রতিবাদে আদিবাসীরা বুধবার সকাল থেকে বাড়িতে কালো পতাকা উত্তোলন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বনবিভাগের সঙ্গে আলোচনায় বসবে না বলে জানিয়েছেন আদিবাসী নেতা অজয় এ মৃ।

মধুপুরের আদিবাসী নেতা চলেস রিসিল সাংমা (৪৫) যৌথবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে মারা যান। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পালানোর সময়ে রাস্তায় তিনি জ্ঞান হারান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।