মামুনের নামে ৫১ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক
বিতর্কিত ব্যবসায়ী ও চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুনের নামে থাকা প্রায় ৫১ কোটি টাকার অঘোষিত স্থাবর---অস্থাবর সম্পত্তির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবশ্য মামুনের নামে--বেনামের সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। নফহবংি২৪.পড়স প্রতিবেদক এ সংক্রান্ত নথিটি দেখেছেন।
বুধবার এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদনটি কমিশনে দাখিল করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামুনের নামে ওল্ড ডিওএইচএস, গাজীপুর, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় মোট ৬টি বাড়ি রয়েছে। এছাড়া ১১ কোটি টাকার স্থায়ি আমানত (এফডিআর) এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দেওয়া তথ্য অনুযায়ী তার নামে থাকা একটি ব্যাংক একাউন্টে রয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা।
তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের নামে রয়েছে ১১ কোটি টাকার একটি ব্যাংক একাউন্ট।
এছাড়া, প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে গিয়াসউদ্দিন আল মামুন বিভিন্ন সময়ে ব্যাংকক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে হুণ্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন।
প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪--এর ২৬ (১), ২৬ (২), ২৭ ধারা, জরুরি ক্ষমতা বিধিমালা--২০০৭ এর ১৫ক, ১৫খ ও ১৫ঘ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করার জন্য কমিশনের অনুমোদন চেয়েছেন।
সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য দুদকের নোটিশ পাওয়া মামুনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম গত ২৫ ফেব্র“য়ারি সংশ্লিষ্ট পরিচালক তানকিন হক সিদ্দিকীর কাছে সম্পদের হিসাব দিতে গিয়েছিলেন। কিন্তু সশরীরে হাজির না হওয়ায় কমিশন সেই হিসাব গ্রহণ করেনি।
সেই বিবরণীতে মামুনের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পদের অর্থমূল্য ২৯ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৯৩৩ টাকা এবং মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনের সম্পদের মূল্য ছয় কোটি ২৭ লাখ ৯১ হাজার ৯০২ টাকা দেখানো হয়েছিল বলে জানা গেছে।
১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর থেকেই গিয়াসউদ্দিন আল মামুনের গ্রেপ্তার নিয়ে রহস্য তৈরি হয়েছে। তিনি গ্রেপ্তার হয়েছেন বলে বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া, মামুন ভারতে পালিয়ে গেছেন এরকম খবরও দিয়েছে কোনো কোনো পত্রিকা।
