২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের উর্ধগতির পেছনে কোনো বিশেষ মহলের ষড়যন্ত্র কাজ করছে: আইন উপদেষ্টা

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির পিছনে কোনো বিশেষ মহলের ষড়যন্ত্র কাজ করছে বলে মনে করেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 05:54 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বুধবার বিকেলে আইন মন্ত্রনালয়ের কার্যালয়ে মইনুল হোসেন বলেন, সরকারকে বিব্রতকর কোনো পরিস্থিতিতে ফেলার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এই বিশেষ মহলটি রাজনৈতিক নাকি ব্যবসায়ীক কোন সংগঠন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে উপদেষ্টা গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশ কিছুটা বেড়েছে। এ নিয়ে সরকারও উদ্বিগ্ন। গণমাধ্যম এ ব্যাপারে আমাদের সাহায্য করলে আমরা সফল হবো।”

তবে তিনি বলেন, “ব্যবসায়ীদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু পণ্য বাজারে সরবরাহ করার পরিকল্পনা করছে।’

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন,‘পাইকারি ও খুচরা বাজারে দামে বিরাট পার্থক্য রয়েছে।’

একটি চক্র এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী বলে উপদেষ্টা মনে করেন।  তবে আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি এ দুটো বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার পিছনে একটা বড় কারণ বলে মন্তব্য করেন উপদেষ্টা মইনুল।

তবে আইন উপদেষ্টা আশাবাদী আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই সংকট নিরসন করা সম্ভব হবে।