২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভির তরঙ্গ বরাদ্দের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশ

একুশে টেলিভিশন (ইটিভি)---এর তরঙ্গ বরাদ্দের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)---কে আদেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 04:38 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

একইসঙ্গে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)---এর বিভিন্ন স্থাপনায় ইটিভির যেসব যন্ত্রপাতি রয়েছে; তা ইটিভির লোকজনকে রক্ষণাবেক্ষণ করতে দেওয়ার জন্য বিটিভিকে আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইটিভি চেয়ারম্যান আবদুস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, তরঙ্গ বরাদ্দের জন্য সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে ইটিভিকে। আবেদন পাওয়ার ১৫ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবে বিটিআরসি।    

আপিল বিভাগ ২০০২ সালের ২৯ আগস্ট ইটিভির লাইসেন্স বাতিল করে। ওইদিনই বেসরকারি টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয় সরকার। তবে রায়ে বলা ছিল, ইটিভি নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।

এ পরিপ্রেক্ষিতে আবেদন করলে ২০০৫ সালের ১১ এপ্রিল ইটিভির পুনঃসম্প্রচারের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। ওই বছরেরই ২৬ ডিসেম্বর তরঙ্গ বরাদ্দের জন্য বিটিআরসির কাছে আবেদন জানায় ইটিভি কর্তৃপক্ষ। এরপর আরও কয়েকবার আবেদন জানানো হয়। কিন্তু বিটিআরসি আর তরঙ্গ বরাদ্দ দেয়নি।

এসব বিষয় উল্লেখ করে ২০০৭ সালের ৪ ফেব্র“য়ারি হাইকোর্টে একটি রিট আবেদন করেন ইটিভি চেয়ারম্যান আবদুস সালাম। শুনানি শেষে কেন ইটিভিকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে না, এ বিষয়ে সরকারের প্রতি রুল জারি করে হাইকোর্ট। একইসঙ্গে বিটিভির স্থাপনায় ইটিভির যন্ত্রপাতি কেন রক্ষণাবেক্ষণ করতে দেওয়া হবে না, সে বিষয়েও বিভিটির প্রতি রুল জারি করে।