আমানউল্লাহ আমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও জমি দখলের অভিযোগে পাঁচটি মামলা
বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের বিরুদ্ধে মঙ্গলবার পাঁচটি মামলা হয়েছে। কেরানীগঞ্জ দক্ষিন ও পুরাতন থানায় হত্যাচেষ্টা, লুটপাট এবং জমি দখলের অভিযোগে পৃথক পৃথক এসব মামলা করা হয়।
পুলিশ জানায়, শুভাঢ্য ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আমানউল্লাহ আমানসহ আরো কয়েক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৪ সালে স্থানীয় যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা আমানের নির্দেশে যুবলীগ নেতা কোরবান আলীকে গুলি করে হত্যার চেষ্টা করে।
আমান ছাড়াও উপজেলা যুবদলের সভাপতি জিয়াউদ্দিন পিন্টু, ছাত্রদল সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, যুবদল নেতা মামুন, চঞ্চল, আমজাদ, আজমত, রাসেলসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন বিএনপি নেতা-কর্মীকে মামলায় আসামি করা হয়েছে।
একই থানায় মঙ্গলবার বিকেলে মোঃ সিদ্দিক মিয়া নামে এক ব্যক্তি বাদি হয়ে জমি দখলের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়েছে, আমান তার ব্যবসায়ীক সহযোগী মহিউদ্দিন মাহিন ও অশ্রাফসহ অর্ধশতাধিক বিএনপি ক্যাডার পূর্ব আগানগর এলাকায় জোর করে তার জমি দখল করে একটি ভবন নির্মাণ করেছেন।
একই দিন দুপুরে কেরানীগঞ্জ থানায় আমানউল্লাহ আমানের বিরুদ্ধে আরো তিনটি মামলা হয়েছে।
এর মধ্যে প্রথম মামলার বাদি কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকার হাজী এবাদত খাঁ (৭২) অভিযোগ করেছেন, আমান ও তার পিএস ওয়াহিদের নেতৃত্বে তার জমি দখল করে পুকুর তৈরী করা হয়েছে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে আমানের সন্ত্রাসী বাহিনী তাকে মারধোর এবং হত্যার হুমকি দেয়।
উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকার আপেল মাহমুদ ধলেশ্বরী নদীতে ড্রেজিং করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আমানের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
জিনজিরা ইউনিয়নের হাউলী এলাকার শহরবানু লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আমান ও তার সন্ত্রাসী দল তার বাড়িতে হামলা চালিয়ে ড্রেজিং সামগ্রী লুট করে নিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
কেরানীগঞ্জ পুরাতন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ নফহবংি২৪.পড়স কে জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য শিগগিরই অভিযান চালানো হবে।
