২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের অগ্নিকান্ডে তিনটি তদন্ত কমিটি

নগরীর বাকলিয়া এলাকার বৌ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 07:17 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন জেলা প্রশাসক আল নুরী ফয়েজুর রেজা।

দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করেছে মহানগর পুলিশ। উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোস্তফা কামালকে প্রধান করে তিন সদস্যের এ কমিটিকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ কমিশনার আবু বকর ছিদ্দিক একং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।

এছাড়া, দমকল বাহিনী আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ডাইরেক্টর অপারেশন মেজর শেখ শাহজালাল এই কমিটির প্রধান।

এদিকে,উপদেষ্টা আনোয়ারুল ইকবাল চৌধুরী মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।

সকালে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গ এবং ঘটনাস্থল পরিদর্শনে যান।

সকালে জেলা প্রশাসক আল নুরী ফয়েজুর রেজা ঘটনাস্থলে যান। তিনি জানান, জেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে দেড় মেট্রিকটন চাল ও নগদ ১১ হাজার টাকা বিতরণ করেন।

জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্থদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ প্রদানের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরী চিঠি পাঠানো হয়েছে। এ চাহিদা পত্রের মধ্যে রয়েছে- নগদ চার লাখ টাকা, ত্রিশ মেট্রিক টন চাল, চারশ শাড়ি ও লুঙ্গি এবং গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ আরো তিন লাখ টাকা।

এদিকে, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অগ্নিকান্ডে নিহতদের নগরীর রেল স্টেশন রোডের চৈতন্যগলি কবরস্থানে বাদ আছর জানাজা শেষে দাফন করা হয়েছে।