পিকেএসএফের ক্ষুদ্রঋণ মেলা শুরু
ঢাকার বাংলাদেশ---চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পল¬ী কর্ম--সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী “ক্ষুদ্রঋণ মেলা ২০০৭”। সকালে মেলা উদ্বোধন করেন পিকেএসএফ চেয়ারম্যান অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
পিকেএসএফ এর সহযোগী আর্থিক প্রতিষ্ঠানসহ ক্ষুদ্রঋণ গ্রহীতা ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শনীর জন্য এ মেলা আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ক্ষুদ্রঋণের ব্যাপ্তি ও কাজের ধারা বিস্তৃত হয়েছে। তাই এ ধরনের ঋণকে এখন থেকে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বলা উচিত।
তিনি বলেন, “ক্ষুদ্রঋণের মনোযোগ এখন উৎপাদনের দিকে। ক্ষুদ্র উদ্যোক্তাদের এখন আর স্থানীয় বাজারে ধরে রাখা যাচ্ছে না। তাদের পণ্য বাজারজাত করতে তাই আমাদের এবং সরকারের বিশেষ ভূমিকা নেওয়া প্রয়োজন।”
তিনি প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃজনশীল পণ্যসামগ্রী বিপণনের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক বাজারের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিকেএসএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন খান এবং উপব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ উপস্থিত ছিলেন।
মোশারফ হোসেন বলেন, গত দুই তিন বছরে ক্ষুদ্রঋণ সম্পর্কে ধারণাগত পরিবর্তন ঘটেছে, এখন জামানত ছাড়াই ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
মেলায় পিকেএসএফ এর সহযোগী ৭০টিসহ মোট ৮২টি প্রতিষ্ঠান ১৩১টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। দর্শকদের সরাসরি উৎপাদন প্রক্রিয়া দেখাচ্ছে ৩৭টি প্রতিষ্ঠান।
৮ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য খোলা থাকবে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মেলায় অংশ নেওয়া পিকেএসএফের সেরা তিনটি সহযোগী সংগঠনের কর্মীদের হাতে ৭ মার্চ পুরস্কার তুলে দেবেন। এর পরদিন নোবেলী বিজয়ী মুহাম্মদ ইউনুসকে সংবর্ধনা দেবে পিকেএসএফ।
২০০২ সাল থেকে পিকেএসএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ দেওয়া শুরু করে। বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত পিকেএসএফকে এ খাতে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছে।
