২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়িরচরে ইউপি চেয়ারম্যানসহ নিহত ৩

অজ্ঞাত দুর্বৃত্তরা সোমবার ভোররাতে উড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার দুই সহযোগীকে গুলি ও জবাই করে হত্যা করেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী চরক্লার্ক এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 02:26 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নিহতরা হলেন উড়িরচরের ইউপি চেয়ারম্যান খায়রুল আলম (৬৫), ভাতিজা মহব্বত আলী (২৮) ভাগ্নে নিজাম মাঝি। নোয়াখালীর পুলিশ সুপার মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত চেয়ারম্যানের ছেলে মাকসুদ আলম খোকা বলেন, রাতে তার বাবা দুজনকে নিয়ে নাজিম বাজারের পাশে বাবুল নামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। বাবুল তাকে জানান, হারিস বাহিনীর ছোট ভাই জাবেদ, হাদি মাঝি, ইসলাম, রফিকসহ ২০/২৫ জনের একদল অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়। তারা তিনজনকে প্রথমে গুলি ও পরে জবাই করে হত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এসআই আমজাদ হোসেন বলেন, ২০০৬ সালের ২৪ নভেম্বর জলদস্যু প্রধান হারিসকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এই হত্যাকান্ডের জের ধরে হারিস বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চরক্লার্কের স্থানীয় লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।