২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে নির্বাচন দাবি করায় হাসিনার সমালোচনা করলেন দলের শীর্ষ নেতারা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী জুন মাসে নির্বাচনের যে দাবি জানিয়েছেন তার সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বেশিরভাগ সদস্যই দ্বিমত পোষণ করেছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় নেতাদের এই ভিন্নমত পোষণে মনক্ষুন্ন হয়ে শেখ হাসিনা আনুষ্ঠানিকতা শেষ না করেই বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দু’দিনব্যাপী কার্যনির্বাহী সংসদের বৈঠক রোববার সন্ধ্যায় শেষ হয়।

বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্যরাও শেখ হাসিনার নির্বাচনের সময়সীমার দাবি জানানোর সমালোচনা করেন। বৈঠকে অনেকেই খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগের চুক্তির  (পরে বাতিল করা হয়েছে) সমালোচনা করেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সভানেত্রীকে অনুরোধ করেন।

উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত, এইচ টি ইমাম, ফারুক চৌধুরী ও মোকাম্মেল হক গত বুধবারে নির্বাচন কমিশনে গিয়ে কীসের ভিত্তিতে আগামী জুন মাসে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসেন তাও শেখ হাসিনার কাছে জানতে চান কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য।

বৈঠক সূত্রে জানা গেছে, তোফায়েল আহমেদ দলীয় সভানেত্রীর  সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ভোটার আইডি কার্ডের দাবি জানিয়ে আসলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে আওয়ামী লীগের দাবিগুলোই বাস্তবায়ন করছে। এই অবস্থায় সরকারকে সময় দেওয়া উচিত।

তিনি প্রশ্ন করেনÑÑ জুনে নির্বাচন যদি না হয় তখন আওয়ামী লীগ কী  করবে। তিনি শেখ হাসিনাকে সাবধানতার সঙ্গে কথা বলারও অনুরোধ করেন বলে জানা গেছে। সভানেত্রীকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন, বঙ্গবন্ধু কখনো তার ঘোষণা থেকে সরে আসতেন না।

জবাবে শেখ হাসিনা সাংবিধানিক বাধ্যবাধকতার যুক্তি দেখান বলে জানা গেছে। তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাস সময় দেওয়া আছে। জুন মাসে নির্বাচনের দাবি করে আওয়ামী লীগ তাদের ছয় মাস সময় দিচ্ছে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক সভানেত্রীকে জাতীয় ও আর্ন্তজাতিক ক্ষেত্রে সুর্সম্পক স্থাপন এবং সবার সঙ্গে  যোগাযোগের ভিত্তিতে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত দেশের সুশীল সমাজকে আওয়ামী লীগের সঙ্গে কীভাবে আরো সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে শেখ হাসিনাকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসও শেখ হাসিনাকে যে কোনো বক্তব্য দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “আপনাকে কথা বলার সময় কন্ট্রোল রাখতে হবে। কৌশলগত কারণে আপনি জুনে নির্বাচন না চাইলেও পারতেন।”

কার্যনির্বাহী সংসদের বৈঠকে কয়েকজন শেখ হাসিনার জুনে নির্বাচনের দাবির বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রশ্ন করেন,  জুনে নির্বাচন না হলে তত্ত্বাবধায়ক সরকার কি আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে যাবে না?

সভায় একজন সাবেক সাংসদ  সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে দলের অবস্থান জানতে চান। তিনি বলেন, এখনো অনেক ভিআইপি সন্ত্রাসী ও দুর্নীতিবাজ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আছে বলে শোনা যাচ্ছে। তাদের ব্যাপারে আওয়ামী লীগের সুনির্দিষ্ট অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকার সময় প্রতিমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার অনেকের সন্তানরা দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। 

অপর এক সদস্য দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত মন্তব্য করে বলেন, “খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগের চুক্তির পর সভানেত্রীর রাজনৈতিক সচিব পর্যন্ত একটি ইংরেজি পত্রিকাকে বলেছেন,  উনি এ বিষয়ে কিছুই জানেন না।”

ওই সদস্য আক্ষেপ করে বলেন, আমরা কেউই জানলাম না। অথচ  খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগ এরকম একটি চুক্তি করে ফেলল।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রায় সবার বক্তব্য শেষ হওয়ার পর শেখ হাসিনা কোনো বক্তব্য না দিয়েই বৈঠক শেষ করার ঘোষণা দেন। এরপর, শেখ হাসিনার উপস্থিতিতে একই স্থানে রাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।