ভুল করে জনকণ্ঠ সম্পাদককে আটক করেছিল র্যাব
জনকন্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদকে রোববার দুপুরে ভুল করে আটক করেছিল র্যাব। পরে অবশ্য র্যাব সদস্যরা ভুল স্বীকার করে ও ক্ষমা চেয়ে আতিকুল্লাহ খান মাসুদকে গ্লোব জনকন্ঠ ভবনের সামনে নামিয়ে দেয়।
র্যাবের পক্ষ থেকে জনকন্ঠের সম্পাদকের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। র্যাবের জনসংযোগ দপ্তরও বিষয়টি নিশ্চিত করে বলেছে যে, আতিকুল্লাহ খান মাসুদকে সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণেই আটক করা হয়েছিল।
আতিকুল্লাহ খান মাসুদ নফহবংি২৪.পড়স কে টেলিফোনে জানান, সকাল ১১টার দিকে তিনি তার বাসা থেকে বাংলা মটর দিয়ে জনকন্ঠ ভবনে যাচ্ছিলেন। তার গাড়িটি ইস্কাটনে সোহাগ সেন্টারের সামনে আসলে র্যাবের একটি গাড়ি তার গতিরোধ করে। এসময় র্যাবের একজন কর্মকর্তা তাকে বলেন, নিরাপত্তার জন্য তাকে র্যাবের সঙ্গে যেতে হবে।
জবাবে আতিকুল্লাহ খান মাসুদ এসময় র্যাব সদস্যদের বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো রকম সন্দেহ দেখা দিলে র্যাবেরই উচিত তাকে তার কার্যালয়ে পৌছে দেওয়া। র্যাবের কর্মকর্তারা এসময় কোনো কথা না শুনে মাসুদকে তাদের গাড়িতে তুলে নেয়।
আতিকুল্লাহ খান মাসুদ নফহবংি২৪.পড়স কে জনান, এসময় র্যাবের কর্মকর্তারা তার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়। মাসুদ বলেন, “আমি অবশ্য সেসময় চট্টগ্রামের মোয়াজ্জেমকে আমাকে আটকানোর কথা বলে দিতে পেরেছিলাম।”
মাসুদ বলেন, র্যাবের গাড়িটি হাইকোর্টের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সামনে গিয়ে দাঁড়ায়। আতিকুল্লাহ খান মাসুদকে রাস্তায় দাড় করিয়েই র্যাবের কর্মকর্তারা প্রায় ১০ মিনিট মোবাইলে বিভিন্ন জায়গায় কথা বলেন।
পরে তারা জনকন্ঠের সম্পাদককে জানান, তাদের ভুল হয়ে গেছে। উপস্থিত র্যাবের কর্মকর্তারা আতিকুল্লাহ খান মাসুদের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে তার ইস্কাটনের কার্যালয়ে নামিয়ে দেন।
এসময় আতিকুল্লাহ খান মাসুদ র্যাবের সদস্যদের বলেন, তারা যেনো পুরো ঘটনার জন্য একটা লিখিত ব্যাখ্যা দেয়। নইলে যারা তার ক্ষতি করতে চায় তারা বিভিন্ন রকমের অপপ্রচার চালাতে পারে।
