২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ ছয় ভারতীয় গেরিলা আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রাম থেকে ভারতের অসম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড (এনডিএফবি) এর ছয় গেরিলাসহ সাতজনকে আটক করেছে বিডিআর।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তাদের কাছ থেকে একটি ভারি মেশিনগান (টাইপ ৫৩ চায়না), বিভিন্ন ধরনের পাঁচশ ৫৫ রাউন্ড গুলি, সাতটি ডেটোনেটর, ৪২ টি বিস্ফোরক তৈরির সার্কিট, একটি মানচিত্র, বিস্ফোরক তৈরির চারটি ক্যাটালগ, দুটি অস্ত্রের সিলিংসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তাদের আটকের পর শুক্রবার মধ্যরাতে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়। ময়মনসিংহ ৪৫ ব্যাটালিয়ান রাইফেলসের নায়েক সুবেদার আনোয়ার পাশা এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন।

আটক হচ্ছেন, আসাম রাজ্যের বরকেতা জেলার ঠুকরই গ্রামের দিনেশ্চরের ছেলে মহিশ্চর (২৭), গোলাকাপ জেলার টিপুকাপ গ্রামের অসিলের ছেলে শচু (২৩), কলাপাড়া জেলার দেশের সোনা এলাকার রুজেনের ছেলে উরারাও (২১), ডুবরি জেলার হাউরিজোড়া গ্রামের বিদেন্দ্র নাথের ছেলে হরকামার (২৪), বরকেতা জেলার বাজেগাঁও গ্রামের পরেশের ছেলে জীবন (২৪), বরকেতা জেলার বাকমারা গ্রামে গুসুমের ছেলে থানদই (২২) এবং বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা গ্রামের নওশেদ সাংমার ছেলে হিমরুল সাংমা (২২)।

এদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিডিআর সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নওশেদ সাংমার বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুসারে বাড়ির পাশের জঙ্গল থেকে অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করে বিডিআর। অভিযানের সময় নওশেদ সাংমাকে বাড়িতে পাওয়া যায়নি।

নওশেদের ছেলে হিমরুল সাংমা থানায় সাংবাদিকদের বলেন, বাড়িতে আশ্রয় নেওয়া ছয় জন যে বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য সেটি তাদের জানা ছিল না। সরল বিশ্বাসে এদের কয়েক দিনের জন্য বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। 

আটক বিচ্ছিন্নতাবাদী গেরিলা জীবন নিজেদের এনডিএফবি এর সদস্য বলে স্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি জানান, অসমে এখন তাদের সংগঠনের অস্ত্র বিরতি চলছে। এজন্য তার সীমান্ত পার হয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন।

শেরপুরের পুলিশ সুপার গাজী জসিম উদ্দিন কে জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে বাংলাদেশের কারো যোগসাজস আছে কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।