২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোতাম কারখানায় আগুনে নিহত ১

ফতুল্লা শিল্পাঞ্চলের পাগলার নন্দলালপুর এলাকায় বোতাম তৈরির কারখানা মনিকা বাটন এ্যান্ড গার্মেন্টস এক্সেসরিজ লিমিটেডে শুক্রবার সকালে ভয়াবহ আগুনে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আগুনে কারখানার ব্যাপক ক্ষতি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 06:51 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

কারখানার মহাব্যবস্থাপক শেখর দাস জানান, দিনমজুর আলমগীর, বাশার, বিমল চন্দ্র সাহা এবং জামান সকাল ৮টার দিকে কারখানার স্টোর রুমের বর্জ্য পরিষ্কার করার সময় হঠাৎ করে সেখানে আগুন ধরে যায়। এরপর তা কারখানার বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্টোররুমে আটকা পড়া ৪ শ্রমিকের মধ্যে জামান বেরিয়ে আসতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্টোররুমে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। তাই সিগারেট থেকে  আগুনের সূত্রপাত হতে পারে।

এলাকাবাসী ও আশপাশর মিল শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর মন্ডলপাড়া ফায়ার স্টেশন কর্মীদের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্টোর রুম থেকে আলমীরের পুড়ে যাওয়া বিকৃত লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আলমগীরের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কুনিকদা গ্রামে।

আহত অপর দুই দিনমজুর বাশার ও বিমলকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানায় মালিকের ভাই আক্রার হোসেন জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে কারখানার শ্রমিকরা বনভোজনে গিয়েছিল। আগুনে কারখানার টার্নিং মেশিন, লেজার মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুরোপুরি অচল হয়ে গেলে ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ কোটি টাকা হতে পারে।