রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ ৫ ডাকাত গ্রেপ্তার
রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) সদস্যরা আগ্নেয়াস্ত্র, বোমা ও ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি, সাত রাউন্ড পয়েন্ট ৬২ বোরের পিস্তলের গুলিভর্তি ম্যাগজিন, ৫টি তাজা হাতবোমা, দুটি চাপাতি এবং একটি ছোরা।
পুলিশ জানায়, ডিবির সহকারি কমিশনার আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি দল বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদ পেয়ে শ্যামপুর থানার মেরাজনগরে আবদুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। ডিবির সদস্যরা এ সময় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাবু (২৭), মো. রনি (২২), তারেক আহম্মেদ ডালিম (২৪), মো. মিজানুর রহমান (২২) এবং মো. আফজাল হোসেনকে (২৩) আটক করে।
এ ঘটনায় শ্যামপুর থানায় আলাদা আলাদা তিনটি মামলা দায়ের হয়েছে।
এদিকে নগরীর মিরপুর থানার কাজীপাড়া ও শ্যাওড়াপাড়া এলাকায় বুধবার ভোররাতে এসআই এজাজুল ইসলামের নেতৃত্বে থানার একটি টহল দল ডিউটি করার সময় কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে তিনটি ককটেল ছোঁড়ে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়।
পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধাওয়া করে মাসুদ মিয়া (২৩) এবং মিলন (১৯) নামে দুই যুবককে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
