তিনটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিধান থাকছে নির্বাচনী আইনের খসড়ায়
বিদ্যমান নির্বাচনী আইন (গণপ্রতিনিত্ব আদেশ, ১৯৭২) সংস্কারের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উত্থাপনের পর এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার আইনে একজন প্রার্থীর তিনটির বেশি আসন থেকে নির্বাচন করতে না পারার বিধান রাখা হচ্ছে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির দেখা করেন। এরপর সচিব সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, “দুই সপ্তাহের বেশি সময় ধরে আমরা গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন ধারা সংস্কারের বিষয় নিয়ে কাজ করছি। এখন সংস্কারের খসড়া প্রায় চূড়ান্ত। দ্রুততম সময়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই খসড়া উত্থাপন করার পর উপদেষ্টাদের মতামত নিয়ে আমরা রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করব।”
তিনি জানান, কমিশনের সংস্কার আইনে কোনো প্রার্থী তিনটির বেশি আসন থেকে নির্বাচন করতে পারবেন না -- এমন বিধান রাখা হচ্ছে। তবে আর কী কী পরিবর্তন আনা হচ্ছে, সেটি তিনি জানাতে রাজি হননি।
এর আগে নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রস্তাবিত খসড়া আইনে ঋণ, কর ও বিল খেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান থাকছে। এ ছাড়া নির্বাচনে কোনো প্রার্থীর বিপুল অর্থ ব্যয় ঠেকাতেও বিধান থাকবে।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, নির্বাচনী আইন, ভোটার তালিকা তৈরিসহ সার্বিক প্রস্তুতি নিতে কমিশনের বেশ কিছুটা সময় লাগবে। এজন্য এখনই নির্বাচনের সময়সূচি বলা সম্ভব নয়।
