গাইবান্ধা ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধা ও পটুয়াখালীতে বৃহস্পতিবার তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ নিহত হয়েছেন দুজন। সকাল ১০টার দিকে আশিক পরিবহনের রংপুরগামী একটি বাস গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় রাসেল (৭) নামে এক পথচারী শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়।
রাসেল দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এছাড়া সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ডে শাহেদ আলী (৬০) নামে একজনকে রংপুরগামী আরেকটি বাস চাপা পালিয়ে যায়।
শাহেদ আলীর বাড়ি শাখাহার ইউনিয়নের পশ্চিম বানিহার গ্রামে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, বেলা ৩টার দিকে পটুয়াখালী--কুয়াকাটা সড়কের ফতুল্লায় বাসচাপায় ইউনুচ মৃধা (৫৯) নামে একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রাস্তা পারাপারের সময় পটুয়াখালী থেকে কুয়াকাটাগামী আল্লাহর দান পরিবহনের একটি বাস ইউনুচকে চাপা দেয়।
বাসের ড্রাইভার ও হেলপার পলাতক।
