রুগ্ন শিল্প মালিকদের অর্থ ঋণ আইন সংশোধনের দাবি
ব্যাংকগুলোর অসহযোগিতাই শিল্প রুগ্ন হয়ে যাওয়ার কারণ বলে মনে করেন রুগ্ন শিল্প সমিতির নেতৃবৃন্দ। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তাই অর্থ ঋণ আদালত আইন সংশোধনের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে রুগ্ন শিল্প সমিতির সভাপতি মোঃ ইছাহাক সাংবাদিকদের বলেন, “আইন উপদেষ্টা আমাদের দাবী বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।”
মোঃ ইছাহাক বলেন, “রুগ্ন শিল্প মালিকদের খেলাপি বলা যাবেনা। খেলাপিদের বিরুদ্ধে অর্থ ঋণ আদালত আইনে মামলা করা যাবে। কিন্তু রুগ্ন শিল্প মালিকদের বিরুদ্ধে খেলাপির তালিকাভুক্ত করে মামলা করা যাবেনা।”
তিনি বলেন, “ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে বেশ কিছু শিল্প রুগ্ন হয়ে পড়েছে।”
সমিতির নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টাকে অর্থ ঋণ আদালত আইন সংশোধন না হওয়া পর্যন্ত ঋণ খেলাপির তালিকা থেকে রুগ্ন শিল্প মালিকদের এর আওতায় না আনার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন ।
মোঃ ইছাহাক বলেন, গত বছরের ২৪ জুলাই বিনিয়োগ বোর্ড বাংলাদেশ ব্যাংকের গর্ভণরের কাছেও এই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল।
জানা গেছে, সরকার এ পর্যন্ত তিন হাজার ৪৯৯টি রুগ্ন শিল্প চিহ্নিত করেছে। এরমধ্যে এক হাজার ৫৮০টি চিহ্নিত রুগ্ন শিল্পকে বের করে আনার জন্য সরকার এর আগে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে।
