মিয়ানমার থেকে আমদানি করা মাছ পরীক্ষার সিদ্ধান্ত
মিয়ানমার থেকে আমদানি করা মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে দেখবে সরকার।
মৎস ও পশুসম্পদ উপদেষ্টা চৌধূরী সাজ্জাদূল করিমের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী মাছ আসার প্রবেশ দ্বার টেকনাফে মৎস অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস গবেষণা ইন্সস্টিটিউটের তত্ত্বাবধানে এ পরীক্ষা করা হবে। এছাড়া টেকনাফ থেকে মাছ ঢাকা ও চট্টগ্রামের কোন আড়তে যাচ্ছে এবং সেখান থেকে বিক্রির জন্য কোন বাজারে যাচ্ছে তাও নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মাছ পরিবহণের সময় চাঁদাবাজি প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব মোঃ আব্দুল করিম, মৎস ও পশুসম্পদ সচিব সৈয়দ আতাউর রহমান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জহরুল ইসলাম, বাংলাদেশ শ্রিম্প ও ফিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হকসহ মাছ আমদানিকারক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
