মন্টেনেগ্রোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো বাংলাদেশ
পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রোর সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ।
শনিবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দু দেশের মধ্যে এ সম্পর্কিত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে জাতিসংঘে বাংলাদেশের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আলী সরকার এবং মন্টেনেগ্রোর পক্ষে জাতিসংঘে মন্টেনেগ্রোর রাষ্ট্রদুত নেবোইসা ক্যালুদিয়েরোভিস এতে স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা এই চুক্তি স্বাক্ষরকে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে অভিহিত করেন।
তিনি বলেন, “সম্ভাব্য সহযোগীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার।”
ক্যালুদিয়েরোভিস বলেন, “নতুন দেশ হিসেবে মন্টেনেগ্রো বাংলাদেশের বন্ধুত্বকে খুবই গুরুত্ব দেবে।”
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার গত মাসে মন্টেনেগ্রো, অ্যান্ডোরা এবং স্যান ম্যারিনোর সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়।
