স্ত্রী হত্যার দায়ে নীলফামারীতে ৫ বছর কারাদণ্ড
নীলফামারীর ডোমার উপজেলার উত্তর গোমনাতি গ্রামের সজিবর রহমানকে স্ত্রী হত্যার দায়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিএসএম ফরিদ এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, বুদু মামুদের ছেলে সজিবর রহমান (৩১) দারিদ্রের জ্বালা সহ্য করতে না পেরে ২০০৪ সালের ডিসেম্বরে ৩/৪ দিন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকে। ১৮ ডিসেম্বর বিকেলে স্ত্রী বিলকিস বানু জানতে পারে তার স্বামী গোমনাতি বাজারে একটি হোটেলে বসে আছে। সে এসে স্বামীকে অনাহারে থাকার কথা জানালে তাদের মধ্যে ঝগড়া বাধে।
এক পর্যায়ে সজিবর ক্ষিপ্ত হয়ে হোটেল থেকে রুটি কাটার চাকু নিয়ে বিলকিস বানুকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত স্ত্রীকে সে নিজেই কাঁধে নিয়ে ডোমার হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
