গুটি ইউরিয়া ব্যবহারে বাড়বে ফলন কমবে সার সংকট
দানদার (গুটি) ইউরিয়া সারের ব্যবহার বদলে দিতে পারে বাংলাদেশের প্রচলিত কৃষি ব্যবস্থার চেহারা। পাশাপাশি বাড়বে ফলন এবং কমে যাবে ইউরিয়া সারের সংকট।
কৃষকরা এক একর জমিতে সাধারণ মানের ১১০ কেজি ইউরিয়া সার ব্যবহার করে যে পরিমাণ ফসল পাচ্ছেন, একই জমিতে তার চেয়ে ১০ শতাংশ বেশি ফলন পেতে পারেন এই দানাদার ইউরিয়ার সারের সর্বোচ্চ ৬৬ কেজি ব্যবহার করে।
পরিবেশবান্ধব এই দানাদার ইউরিয়া যেমন বৃষ্টির পানিতে ধুয়ে যায় না তেমনি পরিবেশও দূষণ করে না।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বুধবার ‘গুটি ইউরিয়া’ বিষয়ক এক কর্মশালায় কৃষি উপদেষ্টা ড. সিএস করিম বলেন, “এই দানাদার ইউরিয়া অর্থিকভাবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হলেও এ সম্পর্কে জানে মাত্র ২০ ভাগ কৃষক।”
দানাদার ইউরিয়ার সারের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য সম্প্রতি তিনি টাঙ্গাইলের কালিহাটি সফর করেন।
কর্মশালায় টাঙ্গাইলের কালিহাটি থেকে আসা কৃষক খন্দকার মন্তাজ আলী বলেন, “এই দানাদার ইউরিয়া ব্যবহার করে আমি আগের চেয়ে অন্তত দশভাগ ফলন বেশি পেয়েছি। এছাড়া এই সারের ব্যবহার জমিতে আগাছার উৎপাদনও রোধ করে।”
তিনি আরও জানান, জমিতে ফসল ফলানোর জন্য অন্তত তিন বার সাধারণ ইউরিয়া ব্যবহার করতে হয়। অথচ দানাদার ইউরিয়া একবার ব্যবহারেই আরও বেশি উৎপাদন পাওয়া সম্ভব।
কালিহাটির এক দানাদার ইউরিয়া উৎপাদক আবু কাকড় মল্লিক বলেন, দানাদার ইউরিয়া জমির অন্তত তিন ইঞ্চি ভেতরে প্রবেশ করে, যার কারণে বৃষ্টির পানি এই সার ধুয়ে ফেলতে পারে না এবং পানি এবং মাটি দূষিত হয় না।
কর্মশালায় বলা হয়, প্রতিবছর সাধারণ ইউরিয়ার চাহিদা ২৭ লাখ মেট্রিকটন হলেও দেশে এর উৎপাদন মাত্র ১৮ লাখ মেট্রিকটন। বাদবাকি নয় থেকে ১০ মেট্রিকটন ইউরিয়া বাইরে থেকে আমদানি করা হয়। বক্তারা বলেন, দানাদার ইউরিয়া কৃষকপ্রিয়তা পেলে বাংলাদেশ ইউরিয়া সারে স্বনির্ভর হতে পারবে।
কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বিএআরসি, আইএফডিসি এবং আইএফএডি। এতে কৃষক ছাড়াও দানাদার ইউরিয়া ও নেপথলিন উৎপাদকরা অংশ নেন।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইএফডিসি প্রধান অমিত রায়। সভাপতি ছিলেন বিএআরসি নির্বাহী প্রধান ড. নুরুল আলম।
