২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনের কারণ সন্ধানে শিল্প মন্ত্রণালয়ের কমিটি আরও ৪৮ ঘন্টা সময় চেয়েছে

বিএসইসি ভবনে আগুন লাগার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদনে ভবনের দুই তলা থেকেই আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে। তবে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক সর্টসার্কিট বা ভবনে রক্ষিত দাহ্য পদার্থের কথা বলা হলেও এই পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

কমিটি মঙ্গলবার তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে পুরো কাজ সমাপ্ত করতে তদন্তের সময়সীমা নূন্যতম ৪৮ ঘন্টা বাড়ানোর আবেদন জানিয়েছে। কমিটির প্রধান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাক হাসান মুহাম্মদ ইফতিখার বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা অনুযায়ী মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে প্রতিবেদনটি জমা দেন।

তদন্তের সময়সীমা বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটি বিএসইসি, রাজউক এবং দমকল বাহিনী থেকে কিছূ দলিল সংগ্রহ করা প্রয়োজন বলে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কমিটি সোমবার বিকেল পাঁচটা থেকে তদন্তের কাজ শুরু করলেও প্রতিকূল পরিবেশের কারণে রাত আটটা ২৫ মিনিটের পর থেকে কাজ বন্ধ রাখে। পরে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে কাজ আবার শুরু করা হয়।

ভবনের প্রতিটি তলা পরিদর্শন করে তথ্য--উপাত্ত সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।