হাইকোর্টের রায়ে স্থগিত পুলিশের এস আই ও সার্জেন্ট নিয়োগ
পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি এসব পদে নিয়োগের জন্য এর আগে মনোনীতদের নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবেনা তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জোট সরকারের শেষ সময়ে ৫শত ৩৬ জন এসআই ও ২শত ২১ জন সার্জেন্ট নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। কিন্তু দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে গত ৯ ফেব্র“য়ারি সরকার ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে। গত ২২ ফেব্র“য়ারি এসব পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ায় সার্জেন্ট হিসেবে নিয়োগের জন্য মনোনীত আবু সাঈদ ও এসআই পদে নিয়োগের জন্য মনোনীত আবদুল মালেকসহ ২’শ ৮৭ জনের পক্ষ থেকে দায়ের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার এ আদেশ দেন।
আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ ও দলীয় বিবেচনার ভিত্তিহীন অভিযোগে আবেদনকারীদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুনানিতে আরো বলা হয়, নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ করার পর আবেদনকারীদের সরকার নিয়োগ দেয়নি। অথচ আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া শেষ হলে অবশ্যই নিয়োগ দিতে হবে।
গত ১৯ ফেব্র“য়ারি হাইকোর্টের একই বেঞ্চ এসব নিয়োগ বাতিলের বিরুদ্ধে রুলনিশি জারি করেছিল।
