রপ্তানির বিধান রেখে মার্চের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কয়লানীতি
আগামী মার্চের মধ্যেই কয়লানীতি চূড়ান্ত হচ্ছে। এ নীতিমালায় ৫০ বছরের মজুদ রেখে অতিরিক্ত কয়লা রপ্তানির বিধান সংযোজন করা হবে। এর আইনগত দিকগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে।
শেভরনের প্রতিনিধি এনড্রু এল ফওথ্রপের সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান।
তপন চৌধুরী বলেন, কয়লা নীতিমালা চূড়ান্ত অবস্থায় রয়েছে। ৫০ বছরের মজুদ রেখে অতিরিক্ত কয়লা বিদেশে রপ্তানির বিধান সংযোজন করে মার্চের মধ্যে নীতিমালা চূড়ান্ত করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার এই নীতিমালা চূড়ান্ত করলে তার আইনগত ভিত্তি থাকবে কিনা প্রশ্নের উত্তরে তিনি জানান, আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের সমস্যা দেখা দিলে সবগুলো কাজ শেষ করে পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া হবে। তারাই নীতিমালা অনুমোদন করবে।
তিনি বলেন, বিবিয়ানা গ্যাস কূপ থেকে প্রতিদিন ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হচ্ছে মার্চের মধ্যভাগে। এজন্য ৫ মার্চের মধ্যে সেখানে পরীক্ষামূলক উত্তোলন শুরু হবে।
উপদেষ্টা জানান, বিবিয়ানা থেকে পর্যায়ক্রমে ২০০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় সরকার আপাতত সেখান থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি সন্ধ্যা ৭টার পর দোকান--পাট বন্ধ রাখায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।
