২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি ভবন থেকে আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ৪

কারওয়ান বাজারের বিএসইসি ভবন থেকে মঙ্গলবার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো চারজনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 03:51 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার উদ্ধার করা হয় এনটিভির নিরাপত্তা প্রহরী আনোয়ার হোসেনকে। বেলা সোয়া ১১টার দিকে ভবনের নবম তলা থেকে তার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে বিকেল সাড়ে তিনটায় এনটিভি এবং সাড়ে পাঁচটায় আরটিভি রাজধানীর সুন্দরবনে হোটেলে আলাদাভাবে সংবাদ সম্মেলন করবে।

 সোমবার নিহত হয়েছেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) সৈয়দ আফতাব উদ্দিন মোল্লা, একই প্রতিষ্ঠানের কর্মী মোকসেদা বেগম ও এনটিভির ক্লিনার জ্যোৎস্না বেগম। ১১ তলা এ ভবনটিতে দুটি বেসরকারি টেলিভিশন, একটি দৈনিক পত্রিকা ও ব্যাংকসহ অন্তত ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা এবং উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছেন, ভবনটিতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আগুনে মাঝের কয়েকটি তলায় তেমন কোনো ক্ষতি না হওয়ায় বিএসইসির একটি সূত্র একে ‘রহস্যজনক’ মনে করছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি এবং শিল্প মন্ত্রলায়ের অধীনে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট দেবে ২৪ ঘণ্টায় এবং স্বরাষ্ট মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট দেবে ৪৮ ঘণ্টার মধ্যে।  

সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আগুন লেগে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। সম্প্রচার বন্ধ হয়ে যায় এনটিভি ও আরটিভির। বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের বিভিন্ন অংশ তখনো জ্বলছিল।

উদ্ধার তৎপরতায় নেতৃত্বদানকারী দমকল বাহিনীর উপপরিচালক (ডিডি-- ১, ঢাকা) সেলিম ভুঁইয়া আহত হয়ে বর্তমানে মোহাম্মদপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তিনি এক মহিলাকে বাঁচাতে গিয়ে বুকে ব্যথা পান।

ছাদে আটকা পড়া অন্যদের বিকল্প সিঁড়ি দিয়ে পাশের মসজিদের ছাদে নামানো হয়। হেলিকপ্টার দিয়ে প্রথমে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়। কিন্তু হেলিকপ্টারের পাখার ঘূর্ণনে সৃষ্ট প্রচণ্ড বাতাসে কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রত্যাহার করা হয় সেগুলো। ক্রেনের সাহায্যেও কয়েকজনকে নামিয়ে আনা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনা, বিমান ও নৌবাহিনী, র‌্যাব, দমকল, রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ভবনটিতে এনটিভি, আরটিভি, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ ও ড্যান্ডি ডায়িংয়েরসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আগুনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা কার্যালয়েরও ব্যাপক ক্ষতি হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারেও। সোমবার সেখানে বড় ধরনের দরপতন ঘটে।

আগুনে বিভিন্ন অফিসের কর্মীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন এবং প্রায় সবাই একসঙ্গে ছাদে আশ্রয় নেন। প্রচণ্ড ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ায় সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভবনের লেকজনসহ দমকল বাহিনীর কর্মীরাও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

ভবন থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত বিএসইসির কর্মী মোকসেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত আফতাবউদ্দিন মোল্লা মারা গেছেন শমরিতা হাসপাতালে। তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) মহাব্যবস্থাপক (বাজেট) ছিলেন। এনটিভির ক্লিনার জ্যোৎস্না বেগম মারা যান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সাহায্যে বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার ঘটনাস্থলে যায়।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দুঃখ প্রকাশ করেছেন।

রাত ৯টা ০৫ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ও খন্দকার দেলোয়ার হোসেনসহ কারওয়ান বাজারে ঘটনাস্থলে যান। তবে পুরো ভবনটি নিরাপত্তাবেষ্টিত থাকায় তিনি ভিতরে ঢুকতে পারেননি। এসময় তিনি বলেন, এটা ‘স্যাবোটাজ’ বা গভীর কোনো ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের এক বিবৃতিতে হাসিনা এ ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং হতাহততের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় ও রহস্য উদঘাটনেরও দাবি জানান।

এলডিপির এক বিবৃতিতে সভাপতি বদরুদ্দোজা চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনায় উৎকণ্ঠা প্রকাশ করেন এবং এর কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মন্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম পৃথক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করেন।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক ও মহাসচিব রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এলাহী নেওয়াজ খান ও সাধারণ সম্পাদক সরদার ফরিদ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান।