২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি ভবনে আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি

রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনে সোমবার আগুন লাগার ঘটনায় সরকার দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

শিল্প মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এই দুটি কমিটি ২৪ ও ৪৮ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছে প্রতিবেদন পেশ করবে। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বিদ্যমান ভবন নির্মাণ নীতিমালা সংশোধনের প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, বিএসইসি ভবনে আগুন লাগার ঘটনাটি উপদেষ্টাদের আলোচনায় সর্বাধিক গুরুত্বপায়। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা সারাদিন ঘটনাটির ওপর নজর রাখেন।    

বৈঠকের মাধ্যমে সরকার কর্মকর্তাদের প্রতি ভবন নির্মাণ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে। বহুতল ভবনব্যবহারকারীদের অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখার পাশাপাশি আরও বেশি সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

সরকারী অফিসের সময়সূচি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্ধারণ করতে ব্যবসায়ীদের দেওয়া প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে কোন চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কৃষি ও শিল্প সচিব দেশে বর্তমানে সার মজুদের পরিমাণ এবং সরবরাহ পরিস্থিতির উপর প্রজেক্টরের মাধ্যমে একটি সার্বিক চিত্র তুলে ধরেন।

এদিকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জেলায় তার ধারাবাহিক সফর শুরু করবেন। প্রথম দিন তিনি চট্টগ্রাম যাবেন। এইসব সফরে দেশের অর্থনীতি ও অন্যান্য বিষয়ে সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সংস্থাপনসচিব এবং তথ্যসচিব সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন।