৪৪ ঘন্টা পর সাঙ্গু গ্যাস ক্ষেত্রে উৎপাদন শুরু
৪৪ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত ৮টা থেকে আবার উৎপাদন শুরু হয়েছে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ক্ষেত্রে। এর ফলে শনিবার মধ্যরাতের ভেতর চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। তবে নতুন একটি কুপের রিগ স্থাপনের জন্য নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই ক্ষেত্রে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) এবং রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)তে সরবরাহ কমিয়ে দেয়া হয়েছিল। এর ফলে বৃহত্তর চট্টগ্রামে মারাত্মক বিদ্যুত সংকটও দেখা দিয়েছিল।
সাঙ্গু গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নতুন কূপের রিগ স্থাপনের কাজ কোন যান্ত্রিক ক্রুটি ছাড়াই শেষ হয়েছে।
এ অঞ্চলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) একজন কর্মকর্তা জানান, সাঙ্গু থেকে উৎপাদন শুরুর পর গ্যাস সরবরাহ লাইনে স্বাভাবিক চাপ ফিরে এলে রাতের মধ্যেই এ অঞ্চলে গ্যাস পরিস্থিতির উন্নতি ঘটবে। ফলে মধ্য রাতের আগেই রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিকে (কাফকো) আগের মতো গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে চট্টগ্রামে বিদ্যুৎ সংকট অনেকটা কেটে যাবে। কেননা, এতে করে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। স্বাভাবিক সময়ে এই কেন্দ্রের একটি ইউনিট থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়।
