২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গু গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ, চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক

নতুন একটি কূপ খননের জন্য সাঙ্গু গ্যাস ফিল্ডে উৎপাদন বন্ধ রাখায় বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে অপর ইউরিয়া সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিকেও (কাফকো)। রাউজান কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার ছুটির দিনেও মারাত্মক বিদ্যুৎ ঘাটতিতে পড়ে চট্টগ্রাম নগরী। 

চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাঙ্গুতে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সিইউএফএল ও রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ বন্ধ এবং কাফকোতে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তবে অন্যান্য শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক সংযোগে সরবরাহ স্বাভাবিক আছে।

পিডিবির সিস্টেম কন্ট্রোল রুম জানায়, শুক্রবার ৪৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে চট্টগ্রামে দিনের বেলায় জাতীয় গ্রিড লাইন থেকে ১৪০ মেগাওয়াট এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে।