সাভারে কোটি টাকা মূল্যের জাল টাকা ও স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৬
র্যাব সদস্যরা শুক্রবার সাভারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা ও রাজস্ব স্ট্যাম্প বিক্রিকারী একটি অপরাধ চক্রকে আটক করেছে।
এ সময় হাতেনাতে আটক করা হয় ছয়জনকে এবং উদ্ধার করা হয় এক কোটি ছয় লাখ টাকা মূল্যের জাল টাকা ও রাজস্ব স্ট্যাম্প।
অভিযানের নেতৃত্বদানকারী র্যাব -- ১১ এর একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তারা কিছুসংখ্যক জাল স্ট্যাম্প ও জাল টাকাসহ সাভার রেডিও কলোনী থেকে ‘নগরবার্তা’ সাপ্তাহিক পত্রিকার কথিত সাংবাদিক রাশেদকে (৩০) আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আনন্দবাজার মার্কেট থেকে মশিউর (৩২) নামে লাইসেন্সধারী এক স্ট্যাম্প বিক্রেতাকে আটক করা হয়। পরে সাভারের এক বাসা থেকে আটক করা হয় কথিত তান্ত্রিক আজিম উদ্দীন (৫৫) ও তার ছেলে আরিফকে (২৫)।
তিনি আরও জানান, ওই একই চক্রের সদস্য মনির (৫২) নামে এক ব্যক্তিকে পল্লবী থেকে এবং কলিয়াকৈর থেকে রাজস্ব স্ট্যাম্প বিক্রির আরেক ডিলার মঞ্জুরকে (৪৫) র্যাব সদস্যরা আটক করে।
আটককৃত ওই ছয়জনের কাছ থেকে মোট এক কোটি ছয় লাখ টাকার জাল টাকা ও জাল রাজস্ব স্ট্যাম্প পাওয়া গেছে বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আমরা জেনেছি, তাদের নেটওয়ার্ক রয়েছে পুরো দেশ জুড়ে। পুরনো ঢাকার কিছু ছাপাখানায় এসব জাল টাকা ও রাজস্ব স্ট্যাম্প ছাপা হয়।”
র্যাব সদস্যরা ওই সব ছাপাখানার মালিক ও পুরো চক্রটিকেই গ্রেপ্তার করার চেষ্টা করছে।
