রাজশাহীতে সিটি কর্পোরেশনের কর্মকর্তার কোটি টাকার সম্পত্তির দলিল জব্দ
সেনা সদস্যদের হাতে আটক রাজশাহী সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কাম বাজেট কর্মকর্তা লুৎফর রহমানের নামে ও বেনামে কোটি টাকার সম্পত্তির নয়টি দলিল ও বিভিন্ন ব্যাংকে সাতটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নগরীর শিরইল শান্তিবাগে লুৎফরের বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে, উদ্ধারকৃত দলিলপত্রে উল্লিখিত সম্পত্তি লুৎফরের মোট সম্পত্তির একটি অংশ মাত্র।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই সিরাজুম মনির জানান, লুৎফর রহমানের বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে তার নিজের নামে আল বারাকা ব্যাংকে ১টি, উত্তরা ব্যাংকে ১টি, আল আরাফা ব্যাংকের রাজশাহী শাখায় ১টি অ্যাকাউন্ট, তার স্ত্রী নাজমা রহমানের নামে জনতা ব্যাংক রাজশাহী কর্পোরেট শাখায় ১টি, আইএফআইসি ব্যাংকে ১টি ও ইসলামী ব্যাংক রাজশাহী শাখায় ১টি অ্যাকাউন্ট এবং তার কন্যা সোহানা সাবরিনের নামে বিবাহ সঞ্চয় প্রকল্পের আওতায় ওরিয়েন্টাল ব্যাংকের রাজশাহী শাখায় আরও একটি অ্যাকাউন্টের ব্যাংক স্লিপ, চেক বই ও পাশ বই উদ্ধার করেছে।
এ ছাড়া বাড়ি থেকে নগদ ১৪ হাজার টাকা, ২২৩টি একশ টাকা মূল্যের প্রাইজবন্ড ও বাড়ির সংস্কারের জন্য পরিশোধ করা ৪ লাখ টাকা বিলের একটি কপি উদ্ধার করেছে পুলিশ।
ব্যাংকের জমা বইগুলোর অধিকাংশের ব্যাংক কপি ছেঁড়া এবং গ্রাহক কপিতে জমার পরিমাণ উল্লেখ না থাকায় পুলিশ এখনও অ্যাকাউন্টে জমা রাখা অর্থের পরিমাণ বের করতে পারেনি। পুলিশ জানিয়েছে, রোববার ব্যাংক খোলার পর পুলিশ টাকার পরিমাণ জানা যাবে।
এ ছাড়া লুৎফর রহমানের বাড়ির লকার থেকে মোট ৯টি জমির দলিল উদ্ধার করা হয়। এর মধ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে তার নিজের নামে ৭টি, নাটোরে নিজের নামে প্রায় এক বিঘা ও স্ত্রীর নামে ১০ কাঠা জমির দলিল পাওয়া গেছে।
রাজশাহী মহানগরীতে প্রাপ্ত জমির দলিলে তার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কাঠা, যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
তবে আটক লুৎফর রহমানের স্ত্রী নাজমা রহমান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, নাটোরে তাদের গ্রামের বাড়ির পৈত্রিক জমি বিক্রি করে রাজশাহী মহানগরীতে দুটি স্থানে কিছু জমি কেনা হয়েছে।
এ ছাড়া শিরইল শান্তিবাগের বাড়িটি সিটি করপোরেশন ও জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে নির্মাণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
