২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গুর উৎপাদন দুই দিন বন্ধ থাকবে

বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাসক্ষেত্রে নতুন একটি কূপ খননের জন্য বৃহস্পতিবার রাত ১২টা থেকে দুই দিনের জন্য গ্যাস উত্তোলন বন্ধ রাখা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এর ফলে ওই সময় থেকে চট্টগ্রাম অঞ্চলের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল)।   

সাঙ্গুতে নতুন একটি কূপের রিগ বসানোর জন্য নিরাপত্তার কারণে গ্যাস উৎপাদন বন্ধ রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে প্রতিদিন ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস ওঠানো হয়।

সাঙ্গুর উৎপাদন বন্ধের কারণে বিজিএসএল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে দুই দিনের জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় বিজিএসএল। বিজ্ঞপ্তিতে বৃহৎ প্রতিষ্ঠানে গ্যাস বন্ধ রাখার পাশাপাশি সিএনজি স্টেশনগুলো এবং আবাসিক সংযোগে গ্যাস সরবরাহ কমে পেতে পারে বলে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে দু’দিনের উল্লেখ করা হলেও তা যথাসময়ে চালু করা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএসএল এর একজন উর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকলে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট পুরোপুরি বন্ধ থাকবে। ফলে চট্টগ্রামে বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাবে বলে আশংকা করছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে ৪২০ মেগাওয়াট উৎপাদনক্ষম এই কেন্দ্র দুটির প্রতিটি ইউনিট থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ কম থাকায় এ কেন্দ্রের একটি ইউনিট থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। দুটি ইউনিট চালু রাখার জন্য এ কেন্দ্রে গ্যাসের চাহিদা ৯৪ মিলিয়ন ঘনফুট।

অন্যদিকে সিইউএফএল এর চাহিদা ৪৮ মিলিয়ন ঘনফুট।

গত সপ্তাহে কূপ খননের জন্য সাঙ্গুর উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও পরে যান্ত্রিক ত্র“টির কারণে তা স্থগিত করা হয়েছিল।