আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপিরাও নির্বাচনে অংশ নিতে পারবে না
ব্যাংক ছাড়াও অন্য আর্থিক প্রতিষ্ঠানে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধনে নীতিগতভাবে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দীন আহমেদ বৃহস্পতিবার বাংলাদেশ লিজিং এন্ড ফিন্যানন্সিয়াল কোম্পানিজ এসোসিয়েশনের সঙ্গে নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
গভর্নর বলেন, আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের আগেই সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে বলে তিনি আশা প্রকাশ করেন।
গভর্নর আরও বলেন, অর্থঋণ আদালত থেকে জারি করা পরোয়ানাগুলোর ব্যাপারে পুলিশের কার্যকর ভূমিকা নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে।
ব্যাংক ও অর্থ ঋণ আদালতের সঙ্গে পুলিশ সমন্বয় করে পদক্ষেপ নিলে খেলাপি ঋণের হার কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক যৌথবাহিনীর কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ব্যাংকগুলোকে বলেছি যৌথবাহিনী যখনই ব্যাংকগুলোর কাছে কোন ব্যক্তির তথ্য জানতে চাইবে তখনই যেন তারা তাদেরকে সহায়তা করেন।”
বিএলএফসিএ এর চেয়ারম্যান আনিছ এ খান বলেন, “ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অভিন্ন আইন থাকা জরুরি। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে সরকার সম্মত হলে আমরা সবাই ওই আইন অনুসরণ করতে পারি।”
তিনি জানান, বর্তমানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে মোট খেলাপি ঋণের শতকরা দুই ভাগই বকেয়ো পড়ে আছে।
বাদবাকি ৭টি আর্থিক প্রতিষ্ঠান যারা এখনো শেয়ার ছাড়েনি তাদেরকে বাজারে নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি তাদের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানই আগামী জুন নাগাদ বাজারে শেয়ার ছাড়বে।”
বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা এনবিএফআই এর জন্য নেওয়া দিক নির্দেশনা প্রসঙ্গে বলেন, “ব্যাংকগুলোতে ব্যবহৃত গাইড লাইনের মতো তাদেরকেও একটি দিক নির্দেশনা দেওয়া হবে। তবে এটি ব্যাংকগুলোর মতো নয়।”
