বাকিরের অর্ধ কোটি টাকাই দিয়েছে প্রবাসী আত্মীয়
সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি বিএম বাকির হোসেন এক কোটি টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে (দুদক)।
বৃহস্পতিবার বেলা ১২টায় বিএম বাকির হোসেন দুদক কার্যালয়ে আসেন তার সম্পত্তির হিসাব দাখিল করতে। তিনি পরিচালক আবদুল ওয়াদুদের কাছে সম্পত্তির হিসাব দাখিল করেন।
তিনি তার নিজের নামে ২১ লাখ ৪১ হাজার ৫০৪ টাকা এবং স্ত্রী নাজমা হোসেনের নামে ৯৯ লাখ ১১ হাজার ১৫০ টাকার হিসাব দাখিল করেছেন।
এই হিসাবের মধ্যে ৪৯ লাখ ৪১ হাজার ৫০৪ টাকা তিনি পেয়েছেন বিদেশে বসবাসকারী আত্মীয় জনৈক তাজুল ইসলামের কাছ থেকে।
এর মধ্যে তিনি তাজুল ইসলামকে ফেরত দিয়েছেন ৩০ লাখ এবং শেখ নাসির উদ্দিন নামে একজনকে ১৫ লাখ টাকা দিয়েছেন বলে হিসাবে দেখিয়েছেন।
স্ত্রীর সম্পত্তির হিসাবে তিনি বাড়ি, গাড়ি, বিয়ের সময়ের উপহার ও প্রাইজবন্ড, সঞ্চয়, বোনের কাছ থেকে পাওয়া ঋণ এবং আসবাবপত্রের মূল্য হিসেবে মোট টাকার পরিমাণ দেখিয়েছেন ৯৯ লাখ ১১ হাজার ১৫০ টাকা। এর মধ্যে ৫৮ লাখ টাকা বাকিরের বিদেশে থাকা ওই আত্মীয়ই পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
